বোলারের মাথায় হেলমেট!

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২০:৩৬

বোলারের মাথায় যখন হেলমেট ছোট ছোট পায়ে এগিয়ে এসে গতি বাড়িয়ে বল ছুড়লেন— বোলার হিসেবে সব ঠিকই আছে, কিন্তু খানিক সময়ের জন্য ধন্দে পড়ে যেতে হলো মাথায় হেলমেট দেখে। বোলারের মাথায় হেলমেট? সত্যি তাই, নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে দৃশ্যটা দেখা গেছে অ্যান্ড্রু এলিসের সৌজন্যে।

আজ (বুধবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ক্যান্টারবেরি ও নর্দার্ন ডিস্ট্রিক্টের ম্যাচে হেলমেট মাথায় দিয়ে বল করেছেন এলিস। গত মৌসুমের দুঃসহ স্মৃতি তাকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছে, সেটারই প্রমাণ মিলেছে হেলমেট মাথায় পরে বোলিংয়ের ঘটনায়। এই ফোর্ড ট্রফিতেই গত বছর জিৎ রাভালের মুখোমুখি হয়ে বড় বাঁচা বেঁচেছিলেন এলিস। রাভালের সজোরে মারা বল এই পেসারের মাথায় লেগে উড়ে সীমানা পেরিয়ে যায়! ক্রিকেট ইতিহাস প্রথম সাক্ষী হয় এই ধরনের ছক্কার।

মাথার পরীক্ষা-নিরীক্ষায় ‘ইতিবাচক’ ফল মিললেও বিষয়টি ক্রিকেটের নিয়ন্ত্রণ কর্তাদের দৃষ্টিগোচর করেছিলেন এলিস। বোলারদের সুরক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান ছিল নিউজিল্যান্ডের জার্সিতে ১৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলা ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের। অবশ্য ক্রিকেট অভিভাবকদের অপেক্ষায় থাকেননি এলিস, নতুন মৌসুমের শুরুতেই নিজের সুরক্ষায় বেসবল হেলমেট পরে বল করেছেন। হেলমেট মাথায় বোলিং করে এই পেসার ৮ ওভারে ৩৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।

ক্রিকেটে হেলমেট মাথায় বোলিং করার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ক্রিকেট বিশ্ব প্রথমবার বোলারের মাথায় হেলমেট দেখেছিল ২০১৭ সালের ডিসেম্বরে। এলিসের আগে নিজের সুরক্ষায় হেটমেট পরেছিলেন ওটাগো পেসার ওয়ারেন বার্নেস।

টি-টোয়েন্টি যুগে বলে আঘাত করা হয়ে উঠেছে ব্যাটসম্যানদের মূল লক্ষ্য। টেস্ট ক্রিকেটেও মারমুখী ব্যাটিং দেখা যায় প্রায়ই। ব্যাটসম্যানদের তাণ্ডব থেকে ‘রক্ষা’ পেতে আম্পায়ারের মাথাও দেখা যায় হেলমেট। অস্ট্রেলিয়ান ‍আম্পায়ার জেরার্ড অ্যাবুড প্রথম আম্পায়ার হিসেবে হেলমেট পরে ম্যাচ পরিচালনা করেছেন বিগ ব্যাশে। হেলমেট ছাড়াও ‘অভিনব হাতিয়ার’ নিয়ে আম্পায়ারিং করতে দেখা গেছে আরেক অস্ট্রেলিয়ান ব্রুস অক্সেনফোর্ডকে। বাঁ হাতে এক ধরনের শিল্ড ব্যবহার করেন তিনি।

২০১৪ সালে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর পর কেঁপে ওঠে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে মাথায় বলের আঘাতে মৃত্যু হয়েছিল হিউজের। এ বছরের অ্যাশেজে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে সরে যেতে হয়েছিল স্টিভেন স্মিথকে। বর্তমান ক্রিকেটে ব্যাটসম্যানদের সঙ্গে বোলার ও আম্পায়ারের সুরক্ষাও বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

একটা সময় ব্যাটসম্যানরাও মাথায় হেলমেট নিতেন না। ’৭০-এর দশকের শেষ দিকে নিরাপত্তার বিষয়টি প্রথম মাথায় আসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্রাহাম ইয়ালপের। ১৯৭৮ সালের ১৭ মার্চ তার সৌজন্যে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট দেখে হেলমেটের ব্যবহার।

ব্যাটসম্যান, আম্পায়ার হয়ে এখন বোলারের মাথাতেও দেখা যাচ্ছে হেলমেট। এলিস যার সবশেষ উদাহরণ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম