ঢাক-ঢোল না পিটিয়ে অনেকটা নিরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বীরেন্দ্র শেবাগ। এমন বিদায় মেনে নিতে পারেননি তার সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। তাদের কথাতেই শেবাগকে আনুষ্ঠানিক বিদায়ে এগিয়ে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা-ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের শুরুতেই তাকে আনুষ্ঠানিক বিদায়ের ব্যবস্থা করে বিসিসিআই। আর নিজের বিদায়ী সেই সেশনে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলেকে ধন্যবাদ জানান তিনি। তবে নিজের বিদায়ী ভাষণে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কোনও বক্তব্য রাখেননি শেবাগ। যার অধীনে ৬ বছর ভারতীয় দলে খেলেছিলেন। শেবাগ বলেন, ‘আমি প্রথমেই আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই। যিনি আমাকে ক্রিকেট খেলতে অনুমতি দিয়েছিলেন। যিনি আমাকে সব কিছু করার স্বাধীনতা দিয়েছিলেন। আমি আমার সব কোচদের, বিশেষ করে আমার প্রথম কোচ শর্মাকে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমি আমার প্রথম অধিনায়ক অজয় জাদেজাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলেকে। সবশেষে শচীন টেন্ডুলকারকে।’
সব শেষে নিজের ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানান শেবাগ। এসময় শেবাগের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা কৃষ্ণা শেবাগ, স্ত্রী আর্তি এবং দুই ছেলে।
/এফআইআর/








