বাবা রাহুল দ্রাবিড় শুধু ভারতের নয়, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান। ছেলে সামিতের ব্যাটেও উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা। শৈশবেই আলো ছড়াচ্ছে দ্রাবিড়ের ১৪ বছর বয়সী সন্তান। অনূর্ধ্ব-১৪ রাজ্য পর্যায়ের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছে সামিত।
আরেকবার শিরোনামে দ্রাবিড়ের ছেলে। এর আগেও ব্যাট হাতে বয়সভিত্তিক ক্রিকেট রাঙানো ১৪ বছর বয়সী সামিত এবার করলো ডাবল সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে ধানবাদ জোনের বিপক্ষে ২০১ রানের ঝলমলে ইনিংস খেলেছে সে ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে। ২৫৬ বলের ইনিংসটি সামিত সাজিয়েছে ২২ বাউন্ডারিতে।
দ্বিতীয় ইনিংসেও হেসেছে ‘জুনিয়র’ দ্রাবিড়ের ব্যাট। ম্যাচ ড্র না হলে হয়তো আরেকটি সেঞ্চুরিও পেয়ে যেতো পারতো। আগ্রাসী ব্যাটিংয়ে সামিত অপরাজিত ছিল ৯৪ রানে। সব মিলিয়ে ম্যাচে তার রান ২৯৫। শুধু যে ব্যাটিংয়ে উজ্জ্বলতা ছড়িয়েছে, তা কিন্তু নয়। বোলিংয়েও নিজের কার্যকারিতা দেখিয়েছে ১৪ বছরের কিশোর। ৩ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছে সামিত।
দ্রাবিড়ের ছেলে প্রথমবার শিরোনামে আসে ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ পর্যায়ের ক্রিকেটে। বেঙ্গালুরুতে তার স্কুল মালেয়া অদিতি ইন্টারন্যাশনালের হয়ে ম্যাচ জেতানো তিনটি হাফসেঞ্চুরি করেছিল। এরপর ২০১৬ সালে আবারও প্রচারের আলোয় আসে ফ্রাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলে।
বাবার পথই অনুসরণ করছে সামিত। কিংবদন্তি ব্যাটসম্যান দ্রাবিড় তার খেলোয়াড়ি জীবনে ছিলেন ভারতের আস্থার প্রতীক। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিন নম্বরে ব্যাট করা সাবেক অধিনায়ক সব ফরম্যাট মিলিয়ে করেছেন প্রায় ২৫ হাজার রান। যেখানে টেস্টে ১৩ হাজার ২৮৮ ও ওয়ানডেতে করেছেন ১০ হাজার ৮৮৯ রান।








