আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। যদিও এর আগে জিম্বাবুয়ের সঙ্গে সেমিফাইনালে জিতে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাছাইপর্বের ফাইনাল ম্যাচটি উত্তেজনার মধ্য দিয়েই শেষ হয়েছে। শনিবার জয়ের জন্য আয়ারল্যান্ডকে ১০৬ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশের মেয়েরা। জবাবে ম্যাচের শেষ বলে ৮ উইকটে হারিয়ে জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
শেষ ওভারে আয়ারল্যান্ডের মেয়েদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান আর হাতে ছিল ২ উইকেট। শেষ ওভারে বোলিং করেন অভিজ্ঞ স্পিনার সালমা খাতুন। কিন্তু শেষ বলে ১ রান নিয়ে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ডের মেয়েরা। আইরিশদের পক্ষে সর্বোচ্চ রান করেন সিসিলিয়া জয়েস (৩২)। এছাড়া ল্যারু ডেনেলি ২৬ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসের ওপর ভর করেই জয় পায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ৩ ব্যাটসম্যান রান আউটের শিকার হয়েছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রুমানা আহমেদ ও নাহিদা আক্তার দুজনে ২টি করে উইকেট নেন। এছাড়া সালমা খাতুন একটি উইকেট নেন।
এর আগে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। ব্যাট করতে নেমে মাত্র ২১ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। একই স্কোরে বিদায় নেন ওপেনার শারমিন আকতার (৯) ও লতা মণ্ডল (০)। তবে তৃতীয় উইকেটে মূল জুটিটা গড়ে দলকে সামলান নিগার সুলতানা ও রুমানা আহমেদ। এই জুটিতে আসে ৭৪ রান। দলীয় ৯৫ রানে নিগারের বিদায়ের ফলে ভাঙে এই জুটি। নিগার বিদায় নেন সর্বোচ্চ ৪১ রানে। ৫৭ বলের এই ইনিংসে ছিল ২টি চার। শেষ দিকে অপরাজিত থাকেন রুমানা ৩৮ ও ফারজানা হক ৬।
আয়ারল্যান্ডের পক্ষে মেটক্যাফে একাই নেন ৩ উইকেট।
উল্লেখ্য, আগামী বছর মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। এই আসরে ১০টি নারী দল অংশ নেবে। ২০১৪ বিশ্বকাপের সেরা ৮ দল আগামী আসরে সরাসরি খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড বাছাইপর্ব থেকে গত বৃহস্পতিবার সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ নিশ্চিত করেছে।
/আরআই/এফআইআর/








