কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত পাকিস্তানে টেস্ট খেলার ইচ্ছে নেই। বিসিবির এমন সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ পাকিস্তানের বোর্ড সভাপতি, প্রধান কোচ এবং টেস্ট অধিনায়ক। শুধু তারা নন, বাংলাদেশকে নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। তবে যতই ক্ষোভের ঝড় উঠুক, পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই টেস্ট সিরিজের সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।
মঙ্গলবার এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তানের যে অবস্থা, তাতে তারা যে কোনও মূল্যে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাইবে। সেই চিন্তা থেকেই তারা হয়তো নানা কথা বলছে। কিন্তু আপনারা জানেন, ম্যাচের পরিবেশের একটা ব্যাপার আছে। আমাদের টিম ম্যানেজমেন্টের বেশিরভাগ সদস্য বিদেশি। দলের সবার সঙ্গে আলোচনা করে লম্বা সময় পাকিস্তানে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’
বিসিবি আপাতত অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার পক্ষে। নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলতে চাই আমরা। এর ফলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে লম্বা সফর করা সম্ভব হবে। এই চিন্তা থেকেই তাদের তিনটি টি-টোয়েন্টির প্রস্তাব দেওয়া হয়েছে।’
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি ভেন্যুর প্রস্তাব দিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেছেন, ‘সেখানে অল্প কয়েক দিন থাকার কথা চিন্তা করে একটা ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের অবশ্য বিশেষ কোনও পছন্দ নেই। লাহোর হোক বা করাচি, আমরা একটি ভেন্যুতেই খেলতে চাই।’
দীর্ঘ ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি দেশটিতে। কয়েক দফায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ আয়োজনের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানের মাটিতে।








