৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে কুমিল্লা ওয়ারিয়র্সের জয়ের নায়ক ডেভিড মালান। বঙ্গবন্ধু বিপিএলে অবশ্য দলকে জিতিয়ে মাঠ থেকে ফিরতে পারেননি, রান আউট হয়ে যান ৩ রান দূরে থাকতে। ড্রেসিংরুমে ফিরে আর দেরি করেননি, সোজা চলে গেছেন বিমানবন্দরে। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে ইংলিশ ব্যাটসম্যান এখন দেশের পথে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৬০ রানের লক্ষ্যে খেলতে নামা কুমিল্লাকে ২ উইকেটের জয় এনে দিয়েছে মালানের অধিনায়কোচিত ইনিংস। ম্যাচের সেরা খেলোয়াড় হলেও পুরস্কার না নিয়েই বিমানবন্দরের পথে রওনা হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
কুমিল্লার টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান জানিয়েছেন, ‘স্ত্রীর অসুস্থতার জন্য দেশে ফিরে গেছেন ডেভিড মালান। ফিরে আসবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। তার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবো আমরা।’
দারুণ ফর্মে আছেন মালান। রাজশাহী রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগের ম্যাচে খেলেছেন ৮৪ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। তাই তার অনুপস্থিতি কুমিল্লার জন্য বড় ধাক্কা।








