সোমবার যুব বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা ও অনূর্ধ্ব-১৯ পর্যায় পেরিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের এই দুই পেসার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার স্মৃতিচারণ করে এই বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য প্রত্যাশা করেন।
তাসকিন তার বক্তব্যে বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার পর থেকেই আমার স্বপ্ন ছিল বড়দের বিশ্বকাপে খেলা। এই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আশা করি, এবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অনেকেই ভবিষ্যতে বড়দের বিশ্বকাপে খেলবে।
উদহারণ দিতে গিয়ে তাসকিন বলেন, চলতি বিশ্বকাপ অনূর্ধ্ব-১৯ দল থেকে এনামুল হক, সৌম্য সরকার এবং আমি মূল বিশ্বকাপে খেলেছি। এছাড়া যুব বিশ্বকাপে খেলেছে এমন অনেক ক্রিকেটার এখন জাতীয় দলে।’
তাসকিন মনে করেন, যুব বিশ্বকাপে খেলার মাধ্যমে তরুণ ক্রিকেটাররা নিজেদের আত্মবিশ্বাসের লেভেলটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। যা ভবিষ্যতে তাদের কাজে দেবে।’
কাটারখ্যাত মুস্তাফিজ তার বক্তব্যে বলেন, ‘আশা করছি এই আসর সফল হবে এবং অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।’
এছাড়া তিনি যুব দলের ক্রিকেটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, জয়রাজ শেখ ইমনের উপর বাজি ধরেছেন। বাংলাদেশের সাফল্যের পেছনে এদের অবদান থাকবে বলে মনে করেন এ বাঁহাতি পেসার।
/আরআই/এমআর/








