স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া বিপজ্জনক- এমন সতর্কবার্তা বিরাট কোহলিরা শুনেছেন কয়েক সপ্তাহ ধরে। তার প্রমাণ তারা পেলেন প্রথম ওয়ানডেতে। স্মিথের সুযোগ না হলেও ওয়ার্নার দুর্দান্ত ব্যাটিং করেন, তাকে সঙ্গ দেন অ্যারন ফিঞ্চ। দুই ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ে ১৫ বছর পর দেশের মাটিতে ১০ উইকেটে হারের তেতো স্বাদ পেয়েছে ভারত।
মুম্বাইয়ে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসনের তোপে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয় ভারত। এরপর ওয়ার্নার ও ফিঞ্চ অপরাজিত থেকে ৩৭.৪ ওভারে জেতান অস্ট্রেলিয়াকে। ১২.৪ ওভার হাতে রেখে অসিরা করে ২৫৮ রান। এ নিয়ে পঞ্চমবার ১০ উইকেটে হারলো ভারত, আর দেশের মাটিতে দ্বিতীয়বার। ২০০৫ সালে কলকাতায় দক্ষিণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে ম্যাচটি জিতেছিল।
দলীয় ১৩ রানে রোহিত শর্মা (১০) আউট হন পঞ্চম ওভারে। পরে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের শতক ছাড়ানো জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। হাফসেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে রাহুল অ্যাস্টন আগারের বলে স্টিভ স্মিথের ক্যাচ হন। ৬১ বলে ৪৭ রানে তার আউটে ভাঙে ১২১ রানের জুটি।
১৩৪ রানে ২ উইকেট হারানোর পর ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ধাওয়ান ইনিংস সেরা ৭৪ রানে ফেরার পর বিরাট কোহলি (১৬) ও শ্রেয়াস আইয়ার (৪) আউট হন। ১৬৪ রানে ৫ উইকেট পড়ার পর ভারতকে কিছুটা স্বস্তি এনে দেয় ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার ৪৯ রানের জুটি।
জাদেজা (২৫) ও পন্ত (২৮) টানা দুই ওভারে মাঠ ছাড়েন। এরপর আর কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। ৪২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
স্টার্ক অস্ট্রেলিয়ার সেরা বোলার ৩ উইকেট নিয়ে। দুটি করে উইকেট পান কামিন্স ও রিচার্ডসন।
লক্ষ্যে নেমে ওয়ার্নার ও ফিঞ্চের ব্যাটেই জিতে যায় অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে যে কোনও উইকেটে সর্বোচ্চ জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নেন দুই ওপেনার। এর আগে ৩১তম ওভারের দ্বিতীয় বলে ওয়ানডের ১৮তম সেঞ্চুরি করেন ওয়ার্নার ১২ চার ও ৩ ছয়ে। ষষ্ঠ ও ২৯তম ওভারে রিভিউ নিয়ে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বাতিল করা এ ওপেনার ১২৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন, তার ১১২ বলের ইনিংসে ছিল ১৭ চার ও ৩ ছয়।
একটু দেখেশুনে খেলতে থাকা ফিঞ্চও করেন ১৬তম শতক। অধিনায়ক ১০৮ বলে ১২ চার ও ২ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান। ১১৪ বল খেলে আরও একটি বাউন্ডারিতে ফিঞ্চ অপরাজিত থাকেন ১১০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৯.১ ওভারে ২৫৫ (ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, পন্ত ২৮, জাদেজা ২৫; স্টার্ক ৩/৫৬, কামিন্স ২/৪৪, রিচার্ডসন ২/৪৩)
অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২৫৮/০ (ওয়ার্নার ১২৮*, ফিঞ্চ ১১০*)
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার
ম্যাচের ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া








