দুই দলের অধিনায়কই মাঠের বাইরে। কেন উইলিয়ামসন কাঁধের চোটে, আর বিরাট কোহলি বিশ্রামে। তবে নেতৃত্বে পরিবর্তন এলেও ফল অপরিবর্তিত। শেষ টি-টোয়েন্টিতেও ৭ রানের জয় পেয়ে ভারত সিরিজ জিতে নিয়েছে ৫-০তে। ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইতে টসজয়ী ভারতকে ১৬৩ রান এনে দিতে বড় অবদান কোহলির বদলে অধিনায়কত্ব করা রোহিত শর্মার। ৪১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৬০ রান করা রোহিতকে থামতে হয়েছে আহত হয়ে। একটা রান দ্রুত নিতে গিয়ে পায়ের পেশিতে টান পড়েছিল। মাঠে কিছুক্ষণ শুশ্রূষার পর নেমেই ছক্কা মারেন ভারতের ওপেনার। কিন্তু দুই বল পরই ফিরে আসেন খোঁড়াতে খোঁড়াতে। এরপর আর ফিরতে পারেননি মাঠে।
রোহিতের জায়গায় অধিনায়কত্ব করা লোকেশ রাহুল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৫। সঙ্গে শ্রেয়াস আইয়ারও (অপরাজিত ৩৩) জ্বলে ওঠায় ভারত পেয়েছে ভালো সংগ্রহ।
১৭ রানে দুই ওপেনারকে হারালেও টিম সেইফার্ট আর শততম টি-টোয়েন্টি খেলতে নামা রস টেলরের ব্যাটে ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু দুজন ফিফটি করার পর জসপ্রীত বুমরা আর নবদীপ সাইনির তোপ এলোমেলো করে দিয়েছে কিউইদের। সেইফার্ট-টেলরের দুটি উইকেটই সাইনির। ৪ ওভারে মাত্র ১২ রানে বুমরার শিকার তিনটি। একটা সময় নিউজিল্যান্ড ছিল ৩ উইকেটে ১১৬, এমন দুর্দান্ত জায়গায় থেকেও সান্ত্বনার জয়টাও পেলো না স্বাগতিকেরা। ২৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে থেমে গেছে ১৫৬ রানে। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের সেরা খেলোয়াড় বুমরা। ৫ ম্যাচে ২২৪ রান করা রাহুলের হাতে উঠেছে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বুধবার হ্যামিল্টনে হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। সবশেষে দুটি টেস্টও খেলবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৬৩/৩ (রাহুল ৪৫, স্যামসন ২, রোহিত ৬০, আইয়ার ৩৩*, দুবে ৫, পান্ডে ১১*; কাগেলাইন ২/২৫, বেনেট ১/২১)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৯ (গাপটিল ২, মানরো ১৫, সেইফার্ট ৫০, ব্রুস ০, টেলর ৫৩, মিচেল ২, স্যান্টনার ৬, কাগেলাইন ০, সাউদি ৬, সোধি ১৬*, বেনেট ১*; বুমরা ৩/১২, সাইনি ২/২৩, শার্দূল ২/৩৮, সুন্দর ১/২০)
ম্যান অব দ্য ম্যাচ: জসপ্রীত বুমরা
ম্যান অব দ্য সিরিজ: লোকেশ রাহুল।








