বিপিএল তৃতীয় আসরে কাগজে-কলমে সবচেয়ে ভালো দল গড়েছিল চিটাগং ভাইকিংস। কিন্তু সেই অনুযায়ী সাফল্য পায়নি দলটি। বিদায় নিতে হয়েছে সেরা চারের আগেই। এনিয়ে ভীষণ হতাশ দলটির অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে আসেন তামিম ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই হতাশ। যে দুটি ম্যাচে আমি এবং দিলশান বড় ইনিংস খেলেছি ওই দুটি ম্যাচই জিতেছি। টুর্নামেন্ট জুড়ে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো হয়নি। এটা আসলে খুবই হতাশার।’
৯ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই পরাজিত হয়েছে তামিম ইকবালের দল। আগামী বছর এর চেয়ে ভালো দল গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তামিম আরও যোগ করেন, ‘ফলাফল যেমন হয়েছে আমরা এর চেয়ে অনেক ভালো দল। কখনও কখনও এমন হয়, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের পারফরম্যান্স হয় না। আমাদের স্থানীয় ক্রিকেটার যারা ছিল, ওরা চেষ্টা করেছে। কিন্তু পারেনি। আপনি যতোই ক্রিস গেইল, পোলার্ড বা রাসেলকে আনেন। স্থানীয়রা পারফর্ম না করলে ওই দলের সম্ভাবনা কমে যায়। আমাদের স্থানীয়রা প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি।’
বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মধ্যে তামিম সবার চেয়ে এগিয়ে রাখলেন চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিকে। এমনকি তামিম এটা বলে রেখেছেন আগামীবার চিটাগং ভাইকিংসের হয়েই খেলতে চান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করলে আমি অবশ্যই আবার চিটাগং ভাইকিংসে খেলতে চাই। কারণ আমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, কোনও বাধা পাইনি। আমার ফ্র্যাঞ্চাইজি আমার প্রত্যাশার চেয়ে একশোগুণ বেশি করেছে। প্রথম দিনে যেরকম ছিল, শেষ দিনেও তাদের আচরণ একই ছিল। একটা ব্যাপারই খারাপ লাগছে, ওনাদের আশা আমরা পূরণ করতে পারিনি। আমরা এজন্য খুবই দুঃখিত।’
/আরআই/এফআইআর/








