আকবররা যখন মাঠে খেলবেন, অনেক সমর্থকই হয়তো পাবেন। প্রবাসী বাংলাদেশিরা লাল-সবুজ পতাকা নিয়ে অন্য সব ম্যাচের মতো এ ম্যাচেও আসবেন বাংলাদেশকে সমর্থন জানাতে। আকবররা শুধু পাবেন না বাংলাদেশের অতি বড় এক সমর্থককে। বাংলাদেশ সেমিফাইনালে গেলে দক্ষিণ আফ্রিকা যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কিন্তু ব্যক্তিগত কাজে লন্ডন আটকে থাকায় প্রতিশ্রুতি রাখতে পারছেন না বোর্ড সভাপতি। তবে তিনি নাকি টিম ম্যানেজমেন্টকে বলেছেন, দল ফাইনালে উঠলেই চলে যাবেন দক্ষিণ আফ্রিকায়। তবে এটি নিয়ে ভাবছেন না আকবররা। কোনরকম চাপ না নিয়ে সাধারণ একটি ম্যাচ ভেবেই সেমিফাইনালটি খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ঘরের মাঠে ২০১৬ বিশ্বকাপে সেমিফাইনালে বাদ পড়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুবদল। ওটাই ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য। বৃহস্পতিবার আগের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার মিশন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আকবরের দল। সেমিফাইনালের মতো বড় একটি ম্যাচকে স্রেফ সাধারণ একটি ম্যাচ হিসেবেই দেখছে তারা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু ম্যাচটিকে সাধারণ একটি ম্যাচ হিসেবেই নিচ্ছে বাংলাদেশ দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক আকবর আলী বলেছেন, ‘দলের সবাই নির্ভার আছে। এটাকে সেমিফাইনাল বা ফাইনাল না ধরে স্বাভাবিক আর দশটা ম্যাচের মতো মনে করছি আমরা। এভাবে চিন্তা করলে ভালো ফল আসবে।’
সেমিফাইনালের আগে এক সপ্তাহ সময় পেয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিটা তাই যথার্থই হয়েছে বলে জানালেন অধিনায়ক আকবর আলী, ‘মানসিক ও শারীরিক দুভাবেই আমাদের প্রস্তুতি ভালো। এখন শুধু ২২ গজে আমাদের দক্ষতা প্রয়োগ করার পালা। সেটা করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’
গত অক্টোবরে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। চেনা প্রতিপক্ষকে ‘বধ’ করা সহজ হবে কি না এমন প্রশ্নে আকবর উল্টো সমীহই দেখাচ্ছেন নিউজিল্যান্ডকে, ‘নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলে এতদূর এসেছে। তারা ভালো দল। তাদের যতটা সম্ভব কম রানে অলআউট করার চেষ্টা করবো। লোয়ার অর্ডারে তাদের ভালো ব্যাটসম্যান আছে। তাদের ব্যাটিং লাইন অনেক লম্বা। আমাদের সতর্ক শুরু করতে হবে।’
বাংলাদেশ-নিউজিল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা আছে। আবহাওয়ার পূর্বাভাসে ৪৫ ভাগ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ওসব নিয়ে ভাবতে চান না আকবর, ‘বৃষ্টি হলে.. এটা তো আর আমাদের নিয়ন্ত্রণে নাই। বৃষ্টি হলে আমাদের যেমন ঝামেলা হবে, ওদেরও হবে।’
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেতে পারলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা সাফল্য অর্জন করবে বাংলাদেশ দল। আকবররা সাফল্যের জন্য দেশবাসীর সমর্থন কামনা করছেন, ‘আপনারা সব সময় যেমন বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করেছেন, সেই সমর্থনটাই আশা করবো।’








