পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ২৯ ওভারে কিউইরা করেছে ৪ উইকেটে ৮৯ রান।
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। ৩১ রানে প্রতিপক্ষের দুই উইকেট তুলে নেয় তারা। পাশাপাশি কিউইদের রানের লাগামও টেনে ধরেছে, তাতে সবচেয়ে বড় অবদান রাকিবুল হাসানের। প্রথম স্পেলে ৫ ওভারে ৩ মেডেনসহ ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি।
দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশ। রিস মারিউসকে তানজিদ হাসানের ক্যাচ বানান শামীম হোসেন। ৫ বল খেলে ১ রান করেন কিউই ওপেনার।
কোয়ার্টার ফাইনালে ৫ উইকেট নেওয়া রাকিবুল হাসান তার তৃতীয় ওভারে সাফল্য পান। ১২তম ওভারে আরেক ওপেনার ওলি হোয়াইট তার শিকার হন। ৪৩ বলে ৩ চারে ১৮ রান করে বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর গ্লাভসে ধরা পড়েন।
২১তম ওভারে শামীম তার দ্বিতীয় উইকেট নেন। ৫০ বলে ৩ চারে ২৪ রানে শর্ট মিড উইকেটে ফার্গুস লেলম্যানের দারুণ ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। কিউই অধিনায়ক জেসি ট্যাস্কফ বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৭ বলে ১০ রান করে হাসান মুরাদের কাছে বোল্ড হন। তাতে ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপরা।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ যুব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে। ২০১৬ সালে প্রথমবার শেষ চারে উঠেছিল তারা।








