টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার তীব্র ইচ্ছার কথা জানিয়েছিলেন ডেল স্টেইন। ইচ্ছা পূরণ হয়েও যেতে পারে ৩৬ বছর বয়সী পেসারের। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন তিনি। তাকে রেখে তিন ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ফাফ ডু প্লেসিকে এ সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। আগামী ১২ ফেব্রুয়ারি ইস্ট লন্ডনে হবে প্রথম ম্যাচ। ডারবান ও সেঞ্চুরিয়নে পরের দুই ম্যাচ হবে ১৪ ও ১৬ ফেব্রুয়ারি।
প্রায় এক বছর পর আবারও দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায় স্টেইন। ২০১৯ সালের মার্চে সর্বশেষ প্রোটিয়াদের হয়ে খেলেন তিনি। বিশ্বকাপের ঠিক আগে কাঁধের পুরোনো চোটে ছিটকে যান। সীমিত ওভারের ক্রিকেটকে গুরুত্ব দিয়ে অবসর নেন টেস্ট থেকে। স্পষ্ট জানিয়ে দেন, খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপে।
শুধু যে সুস্থ হয়েছেন, তা-ই নয়। স্টেইনের ফিটনেস ও ফর্মও দারুণ অবস্থায় আছে। এমজানসি সুপার লিগে ১৫.১৩ গড়ে ১৫ উইকেট নেন। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে চার ম্যাচে নেন ৫ উইকেট। এমন পারফরম্যান্সে নির্বাচকদের ডাক পেতে সময় লাগেনি।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান পিট ফন বিলয়ন ও সিমার সিসান্দা মাগালা। ৩৩ বছর বয়সী ফন বিলয়ন ৬৬ টি-টোয়েন্টি খেলেছেন, ৬ ফিফটিসহ স্ট্রাইক রেট ১৩৩.১৬। কাগিসো রাবাদা বিশ্রামে থাকায় সুযোগ মিলেছে মাগালার।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটকিপার), রিজা হেনড্রিকস, তেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, পিট ফন বিলয়ন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেলুকোয়াও, জন-জন স্মাটস, বেউরান হেনড্রিকস, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিদি, সিসান্দা মাগালা, বিয়র্ন ফোরটুইন, ডেল স্টেইন, হেনরিক ক্লাসেন।








