টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টানা তিনটি টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। একদিন আগে টেস্ট শেষ হওয়ায় মঙ্গলবার আগে-ভাগে দেশে ফিরেছে দলের একাংশ।
মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে শাহজালাল বিমান বন্দরে পৌঁছান শান্ত-তাইজুলরা। কাতার এয়ারওয়েজে টেস্ট দলের ১১ ক্রিকেটার ফিরেছেন একসঙ্গে। এই দলে ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। বাকি চার ক্রিকেটার ফিরবেন বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে মুমিনুল হকের দল এপ্রিলে আবার পাকিস্তান যাবে। করাচিতে ৫-৯ তারিখ গড়াবে শেষ টেস্ট ম্যাচটি। তার আগে ৩ এপ্রিল একটি ওয়ানডে খেলবে দুই দল।
তামিম-মুমিনুলদের ফেরা নিয়ে বিসিবির তেমন আগ্রহ না থাকলেও বুধবার বিকেলে ছোটদের বরণ করে নিতে চলছে প্রস্তুতি। যুব বিশ্বকাপ জিতে ফেরা দলটিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে থাকবেন ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা। থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।








