রবি বিষ্ণয়ের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্মরণীয় হতে পারতো। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে ৪ উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান লেগ স্পিনার। কিন্তু দল জেতেনি। উল্টো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের উদযাপনে মেজাজ হারিয়ে শাস্তি জুটেছে তার কপালে। ছেলের এমন আচরণে বাকরুদ্ধ বাবা, দুদিন ধরে খাচ্ছেন না বিষ্ণয়ের মা।
১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার বিষ্ণয়। তার এ অর্জন মাটি হয়ে গেছে ফাইনালে ৩ উইকেটে ভারত হেরে যাওয়ায়। রাকিবুল হাসান জয়সূচক রানটি নেওয়ার পরই ভারতের খেলোয়াড়দের সামনে তৌহিদ-শামীমরা উদযাপন করেন। উদযাপনটা অনেকের দৃষ্টিতেই সীমা ছাড়িয়ে গেছে। এতে চটে যান ভারতের দুই যুব ক্রিকেটার বিষ্ণয় ও আকাশ সিং। বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি-বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এতে দুই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে শাস্তি পান বাংলাদেশের তৌহিদ, শামীম ও রাকিবুল।
ছেলে এমন আচরণ করেছে, যেন বিশ্বাসই বিষ্ণয়ের বাবা হচ্ছিল না মাঙ্গিলাল বিষ্ণয়ের। ভারতীয় পত্রিকা মিড-ডে বিষ্ণয়ের বাবার বরাত দিয়ে ছেপেছে, ‘আমার ছেলের কী হলো, বুঝলামই না। সে আমার সবচেয়ে শান্তশিষ্ট সন্তানদের (বিষ্ণয়ের বড় দুই বোন ও এক ভাই আছে) একজন। ঘটনার ব্যাপারে সে সব খুলে বলেছে। বাংলাদেশি খেলোয়াড়দের অমন আচরণের পর সতীর্থদের বাঁচাতে গিয়ে মেজাজ হারিয়েছিল সে।’
ঘটনাটা বিষ্ণয়ের পুরো পরিবারের ওপরই প্রভাব ফেলেছে বলে জানান মাঙ্গিলাল, ‘আমার স্ত্রী গতকাল থেকে কিছু খায়নি।’
ম্যাচ শেষে ভারত অধিনায়ক প্রিয়ম গার্গ বলেছিলেন, বাংলাদেশি খেলোয়াড়দের আচরণ ছিল ‘নোংরা’। যদিও একে খেলার অংশ হিসেবে দেখছেন তিনি। তবে এমনটা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আকবর আলী।








