জুনায়েদ সিদ্দিক ও রবি বোপারার হাফ সেঞ্চুরির সুবাদে তৃতীয় জয় পেয়েছে সিলেট সুপার স্টারস। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়েছে শহীদ আফ্রিদির দল।
ঢাকার দেওয়া ১৫৮ রানের টার্গেট ব্যাট করতে নেমে ১৯.৫ বলে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট। ৯ ম্যাচে এটি সিলেটের তৃতীয় জয়।
পরে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় সিলেট সুপার স্টারস। পঞ্চম ওভারের শেষ বলে উইকেটরক্ষক সাঙ্গাকারার থ্রোতে রান আউট হন জশুয়া কব (১৫)। এরপর দলকে আর বিপদে পড়তে দেননি জুনায়েদ সিদ্দিক ও রবি বোপারা। তাদের অসাধারণ জুটিতে সহজ জয়ের দিকে এগুতে থাকে সিলেট।
দলীয় ১২২ রানে হাফ সেঞ্চুরি করে ইয়াসির শাহ’র বলে বিদায় নেন জুনায়েদ সিদ্দিক।৪৪ বলে জুনায়েদের ৫১ রানের ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা।
জয় থেকে মাত্র ১৯ রান দূরে থাকতে ফরহাদ রেজার বলে বিদায় নেন আরেক হাফ সেঞ্চুরিয়ান রবি বোপারা। ৪০ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় তার ৫৫ রানের ইনিংসটি সাজানো ছিল।
শেষ ওভারের জয়ের জন্য সিলেটের প্রয়োজন হয় ১০ রানের। ওভারের দ্বিতীয় বলে সোহেল তানভির আউট হলে বিপদে পড়ে দলটি। তবে আফ্রিদি পরপর দুই বলে ছক্কা হাঁকালে জয় নিশ্চিত হয় সিলেটের। ঢাকার দুইটি উইকেট নেন ফরহাদ রেজা ও ইয়াসির শাহ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪৮ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। এছাড়া ৩১ রান করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন।
সিলেটের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্দুর রাজ্জাক।
/আরআই/এফআইআর/এএ/








