বিপিএলের তৃতীয় আসরে ঠিকমতো জ্বলে উঠতে পারছিলেন না ক্রিস গেইল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবারের দ্বিতীয় ম্যাচে স্বরূপে আবির্ভূত হয়েছেন বরিশাল বুলসের মারকুটে এই ক্রিকেটার। তার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে চিটাগংকে হারিয়েছে বরিশাল।
১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয় তুলে নেয় বরিশাল বুলস। ব্যাট করতে নেমে রীতিমতো চিটাগং বোলারদের ছাতু বানিয়েছেন গেইল। ৪৭ বলে অপরাজিত ছিলেন ৯২ রানে। যেখানে ছিল ৬টি চার ও ৯টি ছয়। এছাড়া মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১৯ রানে।
এর আগে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস। সর্বোচ্চ ২৮ রান করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও তিলকারত্নে দিলশান । এছাড়া ২৫ রান করেন উমর আকমল।
বরিশালের পক্ষে দুটি করে উইকেট নেন কেভন কুপার ও মোহাম্মদ শামি।
চোটের জন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলেননি চিটাগং অধিনায়ক তামিম ইকবাল। এদিন চিটাগংকে নেতৃত্ব দেন তিলকারত্নে দিলশান। আর শেষ চারের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে চিটাগংয়ের।
/এফআইআর/








