মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সামনে যে কঠিন পরীক্ষা দিতে হবে, সেটি অনুমিতই ছিল। ব্যাট হাতে সালমা খাতুনদের রীতিমতো শাসন করেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির ঝড়ে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে স্বাগতিকেরা। রানের পাহাড়ই টপকাতে হবে বাংলাদেশকে।
ক্যানবেরার মানুকা ওভালে আক্ষরিক অর্থেই বাংলাদেশের বোলারদের নিয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে হিলি-মুনি যোগ করেন ১৫১ রান। ১৭ ওভারে এসে বাংলাদেশ পায় ম্যাচের একমাত্র সাফল্য। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে শাসন করা হিলি ফেরেন ৮৩ রান করে। ৫৩ বলের ঝড়ো ইনিংসটি তিনি সাজান ১০ চার ও ৩ ছক্কায়।
আরেক ওপেনার মুনিকে তো আউটই করতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৫৮ বলে ৯ বাউন্ডারিতে তিনি অপরাজিত থাকেন ৮১ রানে। ওয়ান ডাউনে নামা অ্যাশলি গার্ডনার ছিলেন আরও ভয়ংকর। মাত্র ৯ বলে ৩ চারের সঙ্গে ১ ছক্কায় অপরাজিত ২২ রান করে অস্ট্রেলিয়ার সংগ্রহ নিয়ে যান ১৮৯-তে।
অস্ট্রেলিয়ার হারানো একমাত্র উইকেটটি পেয়েছেন অধিনায়ক সালমা খাতুন। সবচেয়ে খরুচে বোলার খাদিজা-তুল-কুবরা, ২ ওভারে দিয়েছেন ২৯ রান। জাহানারা আলম ৪ ওভারে দিয়েছেন ৪০ রান।








