ওয়েলিংটন টেস্টে ১৬৫ ও ১৯১। সেখানে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসটা গেল ২৪২ রান পর্যন্ত। ব্যাটিংয়ে দৃশ্যত অনেক উন্নতি করেছে বিরাট কোহলির দল। কিন্তু কার্যত এও তো আত্মসমর্পণের গল্প। ফাস্ট ও সুইং বোলিংয়ের বিপক্ষে বিশ্বখ্যাত ভারতীয় ব্যাটিং লাইনআপের কী ভীষণ দুর্বলতা! আগের টেস্টেই অভিষিক্ত কাইল জেমিসন ভারতকে নাকাল করে ছেড়েছিলেন। এবার কিউই ফাস্ট বোলার তুলে নিলেন টেস্টে তার প্রথম পাঁচ উইকেট। ঘরে-বাইরে সমালোচনার হাত থেকে কোহলিদের নিস্তার নেই।
এবার সমালোচনার ঢেউ প্রথম ধেয়ে এলো বাইরে থেকে। হ্যাগলি ওভালে ভারতীয়দের প্রথমদিনের ব্যাটিং দেখে রীতিমতো কটাক্ষই করেছেন মাইকেল ভন। সত্যি কথাটা সহজভাবে সরাসরি বলে ফেলেন বলে ভনের আরেক পরিচিতি ঠোঁটকাটা। তা ঠোঁটকাটার মতোই কথা বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। ভারতকে তিনি বড় দলের স্বীকৃতি দিতে কুণ্ঠিত। ‘বল বাতাসে নড়াচড়া করে এমন কন্ডিশনে কীভাবে খেলতে হয়, সেই শিক্ষাটা ভারতকে দিচ্ছে নিউজিল্যান্ড… ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো জায়গায় যতদিনে না তারা জিততে শুরু করছে, বড় দল তাদের বলা যাবে না’-টুইট করেছেন ভন।
টেস্টের এক নম্বর দল ভারত। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনটি সিরিজ থেকে পুরো পয়েন্ট তুলে শীর্ষে তারা। ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টেই হারিয়ে এসে ঘরের মাঠে তারা ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। কিন্তু এমন দাপুটে ভারতই নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে গিয়ে হাবুডুবু খাচ্ছে। ভনের কথায় গায়ে জ্বালা ধরতে পারে, কিন্তু নিউজিল্যান্ডে চলমান সিরিজের এ পর্য়ন্ত তিন ইনিংস খেলে অন্তত নিজেদের টেস্ট-শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করতে পারেননি কোহলিরা। সেটা করতে গেলে দ্বিতীয় ইনিংসে প্রবলভাবে ঘুরে দাঁড়াতে হবে। তবে মনে হয় না সেটি হবে। কারণ তিন ব্যাটসম্যান তিনটি ফিফটি পেলেও ইনিংসগুলোকে তিন অঙ্কে রূপ দিতে ব্যর্থ হয়েছেন। ওপেনার পৃথ্বি শ’র পর চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীও আউট হয়েছেন ফিফটি করে। মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে ও রবীন্দ্র জাদেজা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ওদিকে নিউজিল্যান্ড ভারতের বোলিংয়ের বিপক্ষে স্বচ্ছন্দে ব্যাট করে বিনা উইকেটে ৬৩ রানে দিন পার করেছে।
কোহলিদের জন্য ভনকে জবাব দেওয়াটা সত্যিই খুব কঠিন কাজ এখন।








