নিউজিল্যান্ড সফর ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। ব্যক্তিগত জায়গায় তো অবশ্যই। তিন সংস্করণের সিরিজে মাত্র একবার পেয়েছেন হাফসেঞ্চুরি। নিন্দুকদের মুখ খুলতে কি আর সময় লাগে! কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে কঠিন এই পরিস্থিতিতে ভারতীয় অধিনায়ক পাশে পাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। যদিও তাদের আনন্দ ম্লান হয়ে গেছে ওয়ানডে ও টেস্টে হোয়াইটওয়াশ হয়ে। তিন ম্যাচের ওয়ানডে ৩-০তে হারের পর দুই ম্যাচের টেস্টেও ব্যর্থতা সঙ্গী। অধিনায়ক কোহলির ব্যাট হাসেনি বলে সফরকারীদের অবস্থাও শোচনীয়। কোপটা তাই কোহলির ওপরই পড়ছে।
এমন কোহলিকে খুব একটা দেখা যায়নি। নিউজিল্যান্ড সফরের ১১ ইনিংসে তার রান ২১৮। টেস্ট সিরিজের পারফরম্যান্স তো ভয়ঙ্কর! দুই টেস্টে করেছেন মোটে ৩৮ রান। সমালোচনার তীরে বিদ্ধ হওয়া কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টি একেবারেই মানতে পারছেন না ইনজামাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক খেপেছেন কোহলির সমালোচকদের ওপর।
‘অনেক মানুষ কোহলির টেকনিক ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলছে। এই ধরনের আলোচনায় আমি রীতিমতো বিস্মিত। সে ৭০টি সেঞ্চুরি করেছে, আর এখন কিনা তার টেকনিক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।’— নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন ইনজামাম।
কঠিন সময় পার করা কোহলির জন্য পরামর্শও রয়েছে ইনজির, ‘যদি কোনও পরামর্শ দিতে হয়, তাহলে বলব, দুশ্চিন্তা করার কিছু নেই, এই সময় কেটে যাবে। টেকনিক নিয়ে বলার প্রয়োজন নেই। কারণ টেকনিক পাল্টানোর প্রয়োজনই নেই, ও খুব শক্ত মানসিকতার খেলোয়াড়। এটাকে ঝামেলা মনে করা উচিত হবে না।’ কোহলি চেনারূপে ফিরবেন, এই বিশ্বাসও আছে ইনজামামের, ‘শক্ত মানসিকতার বড় মাপের সব খেলোয়াড়ই ঘুরে দাঁড়ায়। কোহলিও দারুণভাবে ফিরে আসবে।’








