বিপিএলের এবারের আসর থেকে বিদায় নিল সিলেট। বৃহস্পতিবার কুমিল্লার কাছে ৭১ রানে হেরেছে তারা। সিলেটের বিদায়ের ফলে শেষ চারে জায়গা করে নিয়েছে ঢাকা ডায়নামাইটস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩.৫ ওভারে ৭৯ রানেই গুটিয়ে যায় সিলেট। মূলত শুভাগত হোম, আশার জাইদি ও আন্দ্রে রাসেলের বোলিংয়েই গুড়িয়ে গেছে সিলেট। শুভাগত হোম একাই নিয়েছেন ৩ উইকেট। দুটি করে নিয়েছেন জাইদি ও রাসেল।
সিলেটের পক্ষে সর্বোচ্চ ২১ রান এসেছে জশুয়া কবের ব্যাট থেকে। এর আগে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তোলে মাশরাফির কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আহমেদ শেহজাদ। এছাড়া অলোক কাপালি ৩২ ও আশার জাইদি ৩১ রান করেন। সিলেটের পক্ষে একটি করে উইকেট নেন শহীদ আফ্রিদি, রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। আগের ম্যাচে কুমিল্লার ওপেনার লিটন কুমার দাসকে না খেলানো হলেও সিলেটের বিপক্ষে ফিরেছেন তরুণ এই ওপেনার।
/আরআই/এফআইআর/








