অবসর ভেঙে ইংল্যান্ড বিশ্বকাপেই ফেরার পরিকল্পনা করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট তাকে ফিরিয়ে দেয়। গত বছর সাবেক অধিনায়ক আবারও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। মার্ক বাউচার নতুন কোচ হয়ে আসার পর থেকেই জোর গুঞ্জন, ডি ভিলিয়ার্সের চাওয়া পূরণ হতে যাচ্ছে। বুধবার এক সংবাদ সম্মেলনে বন্ধুকে যেন দলে ফেরার দরজা খুলে দিলেন দক্ষিণ আফ্রিকা কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা জানানোর পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডাক পাননি ডি ভিলিয়ার্স। তাতে যে সুযোগটা শেষ হয়ে গেছে এমন নয়। আগামী ১ জুন শ্রীলঙ্কা সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সময়ের মধ্যে ডি ভিলিয়ার্সকে খেলার জন্য প্রস্তুতি নিতে বললেন বাউচার। একই সঙ্গে ক্রিস মরিস ও ইমরান তাহিরেরও সুযোগ আসতে পারে।
এজন্য আইপিএলে খেলার সুযোগকে কাজে লাগাতে পারেন ২০১৮ সালের ২৩ মে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার আইপিএলে ভালো খেলতে অনুপ্রাণিত করছেন এই তিনজনকে, ‘বড় একটা টুর্নামেন্ট আইপিএল, তাই আমরা তাদের- আপনারা বলতে পারেন ফ্রি-এজেন্ট- আইপিএলে কিছু করে দেখাতে ছেড়ে দিচ্ছি। তারপর তাদের প্রস্তুত থাকতে হবে।’
১ জুন পর্যন্ত ডি ভিলিয়ার্সকে সময়সীমা বেঁধে দিলেন বাউচার, ‘আমাদের এখনও বেশ কয়েকটা ম্যাচ (বিশ্বকাপের আগে) আছে। জুনের ১ তারিখ শ্রীলঙ্কা সফর শুরু, এর মধ্যে তাদের খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদের দলে নেওয়া হবে কি না সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি তারা বিশ্বকাপে খেলতে চায়, তাদের প্রস্তুত থাকতে হবে।








