অধিনায়ক মাশরাফি মুর্তজার শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ২৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৪৬ রান তাদের।
লিটন দাসের পর তামিম ইকবালও হাফসেঞ্চুরি করেছেন। আগের ম্যাচে ১৫৮ রানের রেকর্ড গড়া ইনিংস খেলা ওপেনার ১৩তম ফিফটি করেছেন ৬০টি বল খেলে। একই সঙ্গে এ সিরিজে প্রথমবার উদ্বোধনী জুটির সেঞ্চুরি হলো।
লিটনের হাফসেঞ্চুরি
ওপেনারের ব্যাটে নিয়মিত রান পাওয়া দারুণ ব্যাপার। আগের দুই ম্যাচে লিটন দাস ও তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন। যদিও উদ্বোধনী জুটি বড় হয়নি। শেষ ম্যাচে দুজনের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১২৬ রান করা লিটন শুক্রবার দেখা পেলেন চতুর্থ হাফসেঞ্চুরির, ৫৪ বলে ৭ চারে।
মন্থর ব্যাটিংয়ে শুরু বাংলাদেশের
আগের দুই ওয়ানডেতে দারুণ শুরু করলেও শেষ ম্যাচে একটু দেখেশুনে খেলছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস সতর্ক ব্যাটিং করছেন। প্রথম ১০ ওভারে আসে ৫৩ রান।
মাশরাফির শেষ টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। তাছাড়া দেশের সফলতম অধিনায়কের বিদায় বলে কথা। নেতৃত্বে আজই শেষ হচ্ছে মাশরাফি অধ্যায়। এমন ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
পঞ্চাশতম ওয়ানডে জয়ের হাতছানি অধিনায়ক মাশরাফি মুর্তজার সামনে। শেষবার নামলেন টস করতে। জিম্বাবুয়ের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ বলে।
এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোটে ছিটকে গেছেন নাজমুল হোসেন। তাতে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান খেলছেন সিরিজের শেষ ম্যাচে।
বাংলাদেশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামওয়ে, রেগিস চাকাবা, ব্রেন্ডন টেলর, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুতুম্বজি, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিশুমা, কার্ল মুম্বা।








