বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করেও পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেনি তিনি হ্যামস্ট্রিং চোটে। সেই চোট কাটিয়ে যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ইমরুল কায়েস, ঠিক তখনই আবার ছিটকে গেলেন!
১৫ মার্চ শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার কথা ছিল তার মাশরাফি মুর্তজা-মোহাম্মদ আশরাফুলদের সঙ্গে। কিন্তু পায়ের আঙুলের চোট সেটি আর হতে দিচ্ছে না। এটাকে ‘দুর্ভাগ্য’ বললেও হতাশ নন ইমরুল। ধৈর্য্য ধরে ভালো সময়ের অপেক্ষাতে বাঁহাতি ব্যাটসম্যান।
গতকাল (সোমবার) ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে তার বাঁ পা মচকে যায়। পরে এক্স-রে করে দেখা গেছে, চিড় ধরেছে হাড়ে। অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই সময়টাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে চলতে হবে। ব্যান্ডেজ খোলার পর আরও কিছুদিন অপেক্ষা করেই কেবল খেলার মতো অবস্থায় পৌঁছাতে পারবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
ইনজুরি নিয়ে ইমরুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সকালে ফিল্ডিং অনুশীলন করছিলাম। পা বাঁকা হয়ে পড়েছিল, বাঁ পায়ের আঙুল ভেঙে গেছে। পরে এক্সরে করে দেখলাম চিড় ধরেছে বাঁ পায়ের কনিষ্ঠা আঙুলের নিচে। তিন সপ্তাহ ব্যান্ডেজ করে রাখতে হবে। তারপরও আরও কিছুদিন পর পা স্বাভাবিক হবে।’
চোটের হতাশা থাকলেও ভালো সময়ের অপেক্ষায় থাকছেন ইমরুল, ‘ভাগ্যের ওপর তো কিছু করা যায় না। আমার ভালো প্রস্তুতি ছিল। কিন্তু হলো না। হয়তোবা ভালো কিছুর জন্য বারবার সমস্যা হচ্ছে। আমি ধৈর্য্য ধরে ভালো সময়ের অপেক্ষায় আছি।’
প্রসঙ্গত, ১৫ মার্চ শুরু হবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম তিন রাউন্ডের ম্যাচগুলো চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে।








