এবারের আইপিএল শুরু ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে ভারত সরকার ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভিসা বাতিল করেছে। শুধুমাত্র কূটনৈতিক, ইউএন/আন্তর্জাতিক সংস্থা, এমপ্লয়মেন্ট ও প্রজেক্ট ভিসা আওতার বাইরে। কিন্তু আইপিএলে দল পাওয়া বিদেশি খেলোয়াড়রা বহন করেন ‘বিজনেস ভিসা’। ভারতীয় সরকারের নির্দেশ অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত তাদের ভারতে প্রবেশের সুযোগই তো থাকছে না!
এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দেশের সরকারের কাছ থেকে ‘বিশেষ অনুমতি’ নিতে না পারলে আইপিএলের শুরুতে খেলতে পারবেন না কোনও বিদেশি। সেক্ষেত্রে ২০২০ সালের টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি যে অনেকটাই রঙ হারাবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান জানিয়েছেন, সরকারের কাছ থেকে নতুন নির্দেশনা না আসলে আইপিএলে বিদেশিদের যোগ দেওয়াটা অসম্ভব। ভারতীয় সরকার ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করেছে সব ভিসা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্বনাথান সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘বেশিরভাগ বিদেশি খেলোয়াড় বিজনেস ভিসা বহন করেন এবং সেটা নিয়েই তারা আইপিএলে খেলতে আসেন। তাই বিসিসিআই বিশেষ অনুমতি নিতে না পারলে তাদের দলের সঙ্গে যোগ দেওয়া অসম্ভব।’
তাহলে এই অবস্থায় কী করার আছে, এমন প্রশ্নে চেন্নাইয়ের প্রধান নির্বাহী বললেন, ‘কোনোভাবেই আমরা সরকারের বিরুদ্ধে যেতে পারি না। বিসিসিআইয়ের উচিত হবে সরকারের সঙ্গে বসা। মানে হলো, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বোর্ডের বোঝানো তাদের কিভাবে এগোনো দরকার।’
বুধবার মন্ত্রীসভায় কয়েকটি ক্যাটাগরি ছাড়া ১৫ এপ্রিল পর্যন্ত সব ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কনোরাভাইরাস এখন পর্যন্ত আইপিএলের সূচি কিংবা খেলার ওপর না হলেও অন্যভাবে ঠিকই প্রভাব ফেলেছে।








