টেন্ডুলকারের শত সেঞ্চুরি আর মানজারুলের অকাল প্রয়াণ

পবিত্র কুন্ডু
১৬ মার্চ ২০২০, ২১:২৭আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৫:৪৪

টেন্ডুলকারের শত সেঞ্চুরি আর মানজারুলের অকাল প্রয়াণ আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে প্রতীক্ষিত এবং সবচেয়ে দামি সেঞ্চুরিটি ভূমিষ্ঠ হয়েছিল আজ। ধাত্রীভূমি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। সেঞ্চুরির মালিকের নাম শচীন টেন্ডুলকার। ওটা ছিল ‘লিটল মাস্টারের’ শততম আন্তর্জাতিক শতক।

১৬ মার্চ, ২০১২ তারিখটি ক্রিকেট গ্রহে কতদিন জেগে থাকবে জানি না। তবে অন্য কারও ব্যাটে শত সেঞ্চুরির জন্ম না হওয়া পর্যন্ত দিনটি যে অনির্বাণ থাকবে সে নিয়ে সংশয় সামান্যই।

টেন্ডুলকারের সবচেয়ে কাছাকাছি এসে থেমে গেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। সেও ২৯ সেঞ্চুরি পেছনে, ৭১-এ। এখন সবচয়ে দৃপ্ত পদক্ষেপে হেঁটে আসছেন টেন্ডুলকারেরই ভারত সতীর্থ বিরাট কোহলি। তার সেঞ্চুরিসংখ্যা ৭০। এখনও অনেকটা পথ বাকি। তবু হয়তো কোহলির ব্যাটেই টেন্ডুলকারের রেকর্ড ভাঙবে, এমন কৌতূহলে তাকিয়ে আছে ক্রিকেট। যদি কোনওদিন ভাঙে, আরেকটি স্মরণীয় দিন পাবে ক্রিকেট। তবু ১২ মার্চ তারিখটি মুছে যাবে না। নিল আর্মষ্ট্রং-এডউইন অলড্রিনের চন্দ্রবিজয় কিংবা এডমন্ড হিলারির এভারেস্ট জয়ের মতো প্রথম স্মারক হয়ে এটি থেকে যাবে ক্রিকেট ইতিহাসের পাতায়।

টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড কবে ভাঙবে, কে ভাঙবে এই আলোচনা তুলে রেখে আমরা বরং ফিরে যাই ৮ বছর আগের মিরপুর শেরেবাংলায়। যেখানে অভূতপূর্ব এক উন্মাদনা দেখেছিলাম। ভিনদেশি এক ক্রিকেটার ৯৯টি আন্তর্জাতিক সেঞ্চুরিতে আটকে আছেন এক বছরেরও বেশি সময় ধরে। তার শততম সেঞ্চুরি আসি আসি করেও আসছে না, তা নিয়ে এই ঢাকার ক্রিকেট জনতারই কী আক্ষেপ। মাঠে ঢোকার আগে দর্শকের মুখে বিজ্ঞাপনের ‘জিঙ্গল’ই যেন বাজতে শুনলাম অবিরাম, ‘টেন্ডুলকার সেঞ্চুরি করুন, কিন্তু ম্যাচ জিতুক বাংলাদেশ।’

ওটা ছিল সেবারের এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে মুশফিকুর রহিমের দল। ঘরের মাঠে টুর্নামেন্টের ফাইনালে উঠতে হলে ম্যাচটি জিততেই হতো। এবং কী আশ্চর্য়! টেন্ডুলকার সেঞ্চুরি পেলেন, কিন্তু ম্যাচ জিতে নিলো বাংলাদেশ। রোমাঞ্চিত দর্শক। মিরপুর যেন আনন্দপুর।

শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে গড়া ব্যাটিংলাইনআপ সমৃদ্ধ ধোনির ভারতকে হারানো কিন্তু সহজ ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শুরু করেছিল সতর্কভাবে। একটু বেশিই সাবধানী দেখায় টেন্ডুলকারকে। হয়তো পণই করেছিলেন সেঞ্চুরি না করে ফিরবেন না। সেঞ্চুরি করলেন ৪৪তম ওভারে গিয়ে, সাকিব আল হাসানের বল স্কয়ার লেগের দিকে ঠেলে ১ রান নিয়ে। উদযাপন একেবারেই সাদামাটা। শুধু হেলমেটটা খুলে জনতাকে জানালেন অভিবাদন। হয়তো মুক্তির আনন্দই  অনুভূতির সবটুকু জুড়ে ছিল টেন্ডুলকারের।

মোটামুটি সংগ্রামমুখর এক সেঞ্চুরি। তার ৪৯তম ওয়ানডে সেঞ্চুরিটি আসে ১৩৮ বলে। মাশরাফি মর্তুজার প্রায় নিরীহ দর্শন এক আউট সুইঙ্গারে উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচ হওয়ার আগে ১৪৭ বলে ১১৪ রান করে যান টেন্ডুলকার। কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪৮ রানের জুটি, যেখানে কোহলির অবদান মোটামুটি শান্ত ৬৬ রানের ইনিংস। এই ভিতের ওপর রানের বড় সৌধই গড়তে পারতো ভারত। তারা থেমে যায় ৫ উইকেটে ২৮৯ রানে। এটাও তো অনেক বড় লক্ষ্য।

কিন্তু অনমনীয় দৃঢ়তায় লক্ষ্যটা তাড়া করে ফেললো মুশফিকের দল। আসল কাজটা করেছে ওপেনার তামিম ইকবালের ৭০ রানের ইনিংস। এরপর জহুরুল ও নাসিরের দুটি ফিফটির সঙ্গে সাকিব এবং মুশফিকের দুটি ঝড়ো ইনিংস। অফ স্টাম্পের বাইরে অশোক দিন্দার ফুলটস বলটিকে যখন মিডঅফ দিয়ে সীমানা ছাড়া করলেন মাহমুদউল্লাহ, রাতের শেরেবাংলায় ছড়িয়ে পড়েছে উৎসবের আলো। সেই আলোয় মুশফিক-সাকিবদের মুখগুলো যতটা উজ্জ্বল, ততটাই ফ্যাকাশে টেন্ডুলকারদের মুখ। প্রতিপক্ষের জয়ের নিচে চাপা পড়ে গেছে একটি মহান সেঞ্চুরি!

ম্যাচটি ১৬ মার্চ পড়েছিল বলে মুশফিকরা হয়তো জিততেনই। বাংলাদেশ দলে মাশরাফি-মুশফিক-সাকিব সতীর্থ মানজারুল ইসলাম রানার অকাল প্রয়াণের দিনটিতে মাশরাফি-সাকিবরা অন্যরকম হয়ে যান। আন্তর্জাতিক ম্যাচ থাকলে জয়ের নেশা তাদের পেয়ে বসে। প্রতিপক্ষ ভারত হলে উজ্জীবিত হন আরও। ভেবে দেখুন ২০০৭ বিশ্বকাপে ভারত-বধের কথা। সেদিন অকাল-প্রয়াত মানজারুল রানাই ছিলেন মাশরাফিদের ‘এক্স-ফ্যাক্টর’। জয়টি পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত সতীর্থকে উৎসর্গ করে বাংলাদেশ অধিনায়ক বুঝিয়ে দিলেন, এ ম্যাচেও তাদের অনুপ্রেরণার নাম ছিল মানজারুল রানা।

আজ সেই ১৬ মার্চ। ক্রিকেটের অলঙ্কার শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিন। আর মানজারুল রানার অকাল প্রয়াণের দিন। দিনটিকে ক্রিকেট ভোলে কী করে?

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম