পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
৫ ফ্র্যাঞ্চাইজির এ টুর্নামেন্টর জন্যে ৩০৮ ক্রিকেটারকে বাছাই করেছে পিএসএল গভর্নিং কাউন্সিল। এতে দেশি পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা ১৩৭ ও বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৭১।
বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছে। তারা হলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, শাহরিয়ার নাফিস, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্লাটিনিয়াম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। চলতি মাসের ২১ ও ২২ ডিসেম্বর ক্রিকেটারদের দলে টানবে ৫ ফ্র্যাঞ্চাইজি। একটি ফ্র্যাঞ্চাইজি চাইলে ২০জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। তবে প্রতি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটারকে খেলাতেই হবে।
ক্যাটাগরি অনুযায়ী সাকিব আল হাসান খেলোয়াড় তালিকায় সবার উপরে আছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ‘প্ল্যাটিনাম’ ক্যাটাগরিতে সাকিবের জায়গা হয়েছে। এই ক্যাটাগরিতে অন্যান্য বিদেশি ক্রিকেটার হলেন ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও কুমার সাঙ্গাকারার মত তারকারা। আছেন মাহেলা জয়াবর্ধনেও।
ডায়মন্ড ক্যাটাগরিতে না থাকলেও ‘গোল্ড’ ক্যাটাগরিতে আছেন ৫ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস।
সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।
উল্লেখ্য, বিদেশি ১৭১ জন ক্রিকেটারদের সবচেয়ে বেশি আছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। এই সংখ্যা ৫৯। এছাড়া তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের ৩৮, শ্রীলঙ্কার ২২, অস্ট্রেলিয়ার ১০, বাংলাদেশের ১০, দক্ষিণ আফ্রিকার ৭, জিম্বাবুয়ের ৬, নিউজিল্যান্ডের ৫, আয়ারল্যান্ডের ৪, আফগানিস্তানের ৩, কানাডার ২, স্কটল্যান্ডের ২, আমেরিকার ২ ও সংযুক্ত আরব আমিরাতের ১ জন ক্রিকেটার।
/আরআই/এমআর/








