আগামী বছর মার্চ-এপ্রিল ভারতে বসবে ৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই আসরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলও অংশ নেবে। বিশ্বকাপে বাংলাদেশ নারী দল খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে রয়েছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ নারী দল শক্তিশালী গ্রুপে পড়লেও বিষয়টি নিয়ে একদমই চিন্তিত নন অধিনায়ক জাহানারা আলম। শুক্রবার বিকেলে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সবগুলো দল অনেক শক্তিশালী। তবে টি-টোয়েন্টি খেলায় বড় টিম কিংবা ছোট দল বলে কোনও কথা নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই ম্যাচ জিতবে। ক্রিকেট এমনিতেই অনিশ্চয়তার খেলা। টি-টোয়েন্টিতো আরও বেশি অনিশ্চিত খেলা। এখানে ১ বলের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ছোট দল বলার কোনও অবকাশ নেই। আমরা টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারে আশাবাদী।’
চলতি মাসের শেষ সপ্তাহেই ক্যাম্প শুরু হওয়ার কথা নারী দলের। এ প্রসঙ্গে জাহানারা বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই ভারতে খেলতে যাবো। যাতে করে আমরা আমাদের প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি।’
বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৫টিতে। নারী দলের গ্রুপে থাকা ৪ দলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষেই। ভারতের বিপক্ষে খেলা ৭ ম্যাচেই সবগুলোই হেরেছে জাহানারা-শুকতারারা। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলেছিল। ওই দুটি ম্যাচেও হেরেছিল তারা।
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা পাকিস্তানের বিপক্ষেও ৬ ম্যাচে খেলে সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ নারী দল।
প্রতিপক্ষগুলোর বিপক্ষে ভালো ফলাফল নেই বাংলাদেশ নারী দলের। এরপরও আশাবাদী নারী দলের অধিনায়ক জাহানারা আলম। তিনি বলেন, ‘তারা অনেক শক্তিশালী দল এটা অস্বীকার করার কোনও কারণ নেই। তারপরও আমরা মনে করি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা হয়েছে। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বোলাররা ভালো লড়াই করেছিল। ব্যাটিংটা ভালো হলে আমরা জিতে যেতে পারতাম। সবকিছু মিলিয়ে বলব ওরা অনেক ভালো দল। তবে আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব বলে আশাবাদী। কেননা বিগত এক বছরে আমাদের অনেক উন্নতি হয়েছে।’
/আরআই/ এমআর/








