গোটা দেশ করোনাভাইরামের আতঙ্ক নিয়ে ‘ঘরবন্দি’ জীবনযাপন করছে। কঠিন এই সময়ে সুখবর দিলেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় সন্তানের বাবা হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
গতকাল (সোমবার) মাহমুদউল্লাহ ও জান্নাতুল কাওসারের ঘর আলোকিত করে পৃথিবীতে এসেছে তাদের দ্বিতীয় ছেলে। আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুখবরটি দিয়েছেন মাহমুদউল্লাহ নিজেই। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গত রাতে (সোমবার) আমাদের দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে। আপনারা সবাই তার জন্য দেয়া করবেন।’
সন্তান ও পরিবারের জন্য সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
২০১১ সালে জান্নাতুল কাওসারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহমুদউল্লাহ। ২০১২ সালে প্রথম ছেলে সন্তানের বাবা হন তিনি। এই মুহূর্তে খেলা না থাকায় পরিবারকে সময় দিতে পারছেন মাহমুদউল্লাহ।
করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।








