নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান নেই, স্কিল ক্যাম্পে না থাকায় মাশরাফি মুর্তজাও বাইরে। সেই হিসেবে দল যেহেতু তিনটি, সেহেতু স্বাভাবিকভাবেই নেতৃত্বে নাম চলে আসে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর নাম। কিন্তু বিসিবির ৫০ ওভারের প্রতিযোগিতায় তামিম-মাহমুদউল্লাহ নেতৃত্বে থাকলেও মুশফিক নেই। উইকেটকিপার ব্যাটসম্যানের না থাকার কারণ ব্যাখ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, মুশফিক নেতৃত্ব নিতে আগ্রহী নন।
শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি। কোয়ারেন্টিন ইস্যু নিয়ে অনেক আলোচনা করেও শ্রীলঙ্কা সরকারের ‘সবুজ সংকেত’ পায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। বিসিবি তাই সফর স্থগিতের সিদ্ধান্ত নেয়। তাতে অবশ্য নিজেদের প্রস্তুতি থামিয়ে দেয়নি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। স্কিল ক্যাম্প চালু রেখে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে। এরই মধ্যে হয়েছে দুটি দুই দিনের ম্যাচ। তারই ধারাবাহিকতায় বিসিবি আয়োজন করতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের একটি প্রতিযোগিতা।
১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৫০ ওভারের টুর্নামেন্টটিতে তিন দল- ‘তামিম একাদশের’ নেতৃত্বে তামিম ইকবাল, ‘মাহমুদউল্লাহ একাদশের’ নেতৃত্বে মাহমুদউল্লাহ এবং ‘নাজমুল একাদশের’ নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। তরুণ এই ব্যাটসম্যানের দলে মুশফিক থাকারও পরও নেতৃত্বে নেই।
তিনি কেন নেই, এর ব্যাখ্যায় বিসিবি সভাপতি নাজমুল বলেছেন, ‘তামিম একটা দলকে নেতৃত্ব দিচ্ছে। মুশফিক একটা দলে আছে, কিন্তু সে নেতৃত্ব দেবে না। ওই দলের নেতৃত্ব দেবে শান্ত। আরেকটাতে মাহমুদউল্লাহ আছে, ওটায় সে নেতৃতে দেবে। মুশফিক নাকি নেতৃত্ব দিতে ইচ্ছুক না, আজকে সে এটা নিশ্চিত করেছে।’
নিজেদের মধ্যে সীমিত ওভারের প্রতিযোগিতা আয়োজন সম্পর্কে বিসিবি সভাপতি বলেছেন, ‘তারা (ক্রিকেটাররা) কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছে। খেলার মধ্যে কিছুটা এসেছে। এখন ১১ তারিখ থেকে একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছি। তিনটা দল করছি আমরা। এটা ওয়ানডে টুর্নামেন্ট হবে এবং এই তিনটাতে যতজন ক্রিকেটার সম্ভব আমরা অন্তর্ভুক্ত করতে পারি।’
দল ও খেলোয়াড় নির্বাচনে কিছু শর্তও রেখেছে বিসিবি। নাজমুলের ভাষায়, ‘শর্ত হবে প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে, তাদের অন্তত দুটো করে ম্যাচ খেলার সুযোগ পেতে হবে। মোটামুটি সুন্দর দল হয়েছে বলে আমাদের ধারণা, যেটা আজ চূড়ান্ত হলো। সুতরাং এই তিনটা দল নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি এবং ফাইনালটা টিভিতে দেখানোর চিন্তা-ভাবনা করছি।’







