জাতীয় দলের জন্য খেলোয়াড় সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিসিবি প্রতি বছর তরুণ ও জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটারদের নিয়ে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) তৈরি করে। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) থেকে শুরু হয়েছে এইচপির কার্যক্রম। তবে এবার তরুণ ক্রিকেটাররাই বেশি সুযোগ পেয়েছেন স্কিল ক্যাম্পে। বিশেষ করে, যুব বিশ্বকাপ জয়ী দলের ১২ জন আছেন এইচপিতে। তারা আবারও মিরপুরের হোম অব ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমিতে শুরু হয়েছে এইচপির কার্যক্রম। প্রথম দিনে ২৫ ক্রিকেটারের ২৪ জনই যোগ দিয়েছেন। ব্যক্তিগত কারণে নেই অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের পেসার শরিফুল ইসলাম। তবে টিম ম্যানেজমেন্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুশীলনে যোগ দেবেন তিনি।
স্কিল ক্যাম্পের শুরুটা হয়েছে বিপ টেস্ট ও ফিটনেস ট্রেনিং দিয়ে। বিপ টেস্টে প্রথম হয়েছেন ২০১৮ যুব বিশ্বকাপের উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। দ্বিতীয় হয়েছেন যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলের পেসার অভিষেক দাস। সকালে ফিটনেস অনুশীলন শেষে দুপুর থেকে একাডেমিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আকবর আলীরা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য পেসার অভিষেক দাস। নড়াইল থেকে উঠে আসা এই তরুণ প্রথম দিনের অনুশীলনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে, ‘অনেকদিন পর মিরপুরের একাডেমিতে অনুশীলন করলাম, সবকিছু নতুন নতুন লাগছে। এমনিতে নড়াইলে অনুশীলন করেছি। মাঝে বৃষ্টির জন্য কিছুদিন গ্যাপ হয়েছিল। তবে প্রথম দিকে দুই ২-৩ মাস কিছু করতে পারিনি। এমনিতে অবস্থা খারাপ না। তবে শতভাগ মানিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগবে।’
যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন রাকিবুল হাসান। এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারও আছেন এইচপি ক্যাম্পে। বাংলা ট্রিবিউনের কাছে প্রথম দিনের ক্যাম্পের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি, ‘আমার কষ্ট হয়নি। বিরতির মধ্যে টুকটাক কাজ করেছি। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। সামনে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ আছে। তার আগে এই সময়টাতে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চাই।’
এবারের এইচপি দল সর্বশেষ দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া। সর্বশেষ যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলটির ১২ জন আছেন স্কোয়াডে। গত ৯ ফেব্রুয়ারি আকবর আলীর নেতৃত্বে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন দলের ১২ ক্রিকেটার হলেন- আকবর আলী, তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, শরিফুল ইসলাম, অভিষেক দাস, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শাহীন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। ওই সিরিজে এইচপির বেশ কয়েকজন খেলার সুযোগ পাবেন। ৫০ ওভারের ক্রিকেট শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি দলের ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে আছেন বিশ্বকাপ জয়ী যুব দলের ১০ ক্রিকেটার।








