ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনেও দাপট ধরে রেখে খেলছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে অসিদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৯ রান। ৭ উইকেট হাতে রেখে এখনও ৪৫৯ রানে এগিয়ে আছে তারা। ৭০ রানে অপরাজিত আছেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও ১৮ রানে অপরাজিত আছেন মিচেল মার্শ।
এর আগে চার সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৫১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৭১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার দেওয়া রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ৯১ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ড্যারেন ব্রাভো ও কার্লোস ব্রাফেটের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তারা।
ব্রাভো ১৩ ও ব্রাফেট ৩ রান নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করেন। সপ্তম উইকেটে এই দুজন মিলে ৯০ রানের জুটি গড়েন। ব্রাফেট (৫৯) অসি স্পিনার নাথান লায়নের ফিরতি ক্যাচে পরিণত হলে ভেঙে যায় এই জুটি।
ব্রাফেট ফিরে গেলেও শেষের ব্যাটসম্যানদের নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ব্রাভো। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ব্রাভোর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮১ রান।
ক্যারিবীয়দের বিপক্ষে অস্ট্রেলিয়ার পক্ষে পেসার জেমস প্যাটিনসন ও স্পিনার লায়ন ৪টি করে উইকেট নেন। বাকি দুই উইকেটনেন পিটার সিডল।
প্রথম ইনিংসে ২৮০ রানে এগিয়ে থেকেও ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। ফের ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।
/এফআইআর/








