জুয়াড়ির প্রস্তাব পেয়েও কাউকে জানাননি। আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা বারবার মনে করিয়ে দেওয়ার পরও ‘ভুল’ করে শাস্তি ভোগ করেছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দলে। কিন্তু এক বছর আগের সাকিব হিসেবেই কি গ্রহণ করবেন তার সতীর্থরা? সন্দেহের বীজ কি এতটুকুও জন্মায়নি কারও মনে? সাকিবের বিশ্বাস, তার সতীর্থরা তাকে আগের মতোই বিশ্বাস করবেন। তবে কারও অবিশ্বাস-সন্দেহ হলে দোষের কিছু দেখছেন না এই অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভক্ত ও সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। সেখানেই বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা উঠেছিল। নিষিদ্ধ হওয়ার ঘটনায় সতীর্থদের বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে মনে করেন কিনা, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘একটু কঠিন প্রশ্ন, আসলে কার মনের ভেতর কী আছে, বলা মুশকিল। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরি হতেই পারে। সেটা কখনোই অস্বীকার করি না।’
যদিও সতীর্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হওয়ায় সাকিবের বিশ্বাস, ‘যেহেতু এর ভেতরও আমার সবার সঙ্গে যোগাযোগ ছিল, কথা হয়েছে, আমি কখনও ওভাবে ফিল করিনি। আশা করি, এই জায়গাটিতে সেভাবে সমস্যা হবে না। তারা যেভাবে আমাকে বিশ্বাস করতো, এখনও সেভাবেই বিশ্বাস করবে।’
তবে নিষেধাজ্ঞার শাস্তি যেহেতু ভোগ করেছেন, তাই কারও মনে সন্দেহ-অবিশ্বাস জন্মানোর কারণ দেখছেন সাকিব। তবে তা নিয়ে আফসোস নেই তার, ‘তবে আপনি যদি ওভাবে বলেন, করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের কোনায় সন্দেহ জাগতেই পারে, এটা নিয়ে আফসোসের কিছু নেই। কারণ ঘটনাটাই এরকম, যে কোনও সময় যে কারও মনের কোনায় সন্দেহ জাগতে পারে। তবে আমার ধারণা, আমার প্রতি সবার আগে যে বিশ্বাস ছিল, এখনও থাকবে।’








