ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ হয়নি তাদের। হয়তো ভেবেছিলেন, নিউজিল্যান্ড সফরে যাওয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় খেলা ও নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনের অভিজ্ঞতা থাকায় শোয়েব মালিক ও মোহাম্মদ আমির দলে থাকার আশা করতেই পারেন। কিন্তু কিউইদের বিপক্ষেও উপেক্ষিত থাকলেন তারা। এই সফরের জন্য ঘোষিত ৩৫ সদস্যের দলে জায়গা হয়নি আসাদ শফিকেরও।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। বয়স মাত্র ২৮ হলেও সাদা বলের ক্রিকেটে মনোযোগী হতে লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন। কিন্তু সীমিত ওভার ক্রিকেটেও পাকিস্তান দলে সুযোগ হচ্ছে না তার। ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টিতে খেললেও ছিলেন না ওয়ানডেতে। এরপর তো ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজের কোনও সংস্করণেই জায়গা হয়নি বাঁহাতি পেসারের। তারই ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সফরে বড় স্কোয়াড ঘোষণা করলেও বাইরেই থাকতে হলো আমিরকে।
৩৮ বছর বয়সী মালিক শুধু টি-টোয়েন্টিই খেলছেন। জিম্বাবুয়ে সিরিজের মতো নিউজিল্যান্ড সফরেও তাকে রাখেনি পাকিস্তানের নির্বাচকেরা। একই সঙ্গে টেস্ট দলের নিয়মিত মুখ শফিকের জায়গা হয়নি দলে। ইংল্যান্ড সফরের বাজে পারফরম্যান্স কাল হয়ে দাঁড়িয়েছে। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান ইংলিশদের বিপক্ষে পাঁচ ইনিংসে ১৩.৪০ গড়ে করেছিলেন মোটে ৬৭ রান।
তাদের কপাল পোড়ার সফরে পাকিস্তান দলের দরজা খুলেছে পাঁচ নতুনের। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জিসান মালিক, দানিশ আজিজ, ইমরান বাট, রোহেল নাজির ও আমাদ বাট। অন্যদিকে অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পাকিস্তান ঠিকই দলে রেখেছে মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজকে।
পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক এখন বাবর আজম। আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন তিনি, মঙ্গলবার যোগ হয়েছে টেস্টের নেতৃত্ব। নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু হচ্ছে তার নতুন মিশন। এই সফরে স্বাগতিকদের সঙ্গে তিন টি-টোয়েন্টির সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জিসান মালিক, আজহার আলী, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, হারিস সোহেল, হোসেন তালাত, ইমরান বাট, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রোহেল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গহর, আমাদ বাট, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মুসা খান, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।








