ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এক ইনিংসসহ ২১২ রানে জয় পায় অসিরা। দ্বিতীয় টেস্টেও সেই দাপুটে ধারা বজায় রেখে চারদিনে ১৭৭ রানের জয় তুলে নিয়েছে স্টিভেন স্মিথের দল।
এর আগে ৫৫১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৭১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সুযোগ থাকা সত্ত্বেও ক্যারিবিয়দের ফলো-অন করেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ১৭৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে দলটি।
দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তৃতীয় দিনে ৯১ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ ব্যাটসম্যানেরা। চতুর্থ দিন ডোয়েন ব্যাভো ও ব্রাথওয়েটের দৃঢ়তায় ২৭১ রান সংগ্রহ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাভো ৮১ ও ব্রাথওয়েট ৫৯ রান করেন। ফলে ১৭৭ রানের জয় পায় অস্ট্রেলিয়া। অসিদের পক্ষে প্যাটিনসন ও লায়ন ৪টি করে উইকেট নেন।
সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি।
/এমআর/








