বেশ কিছুদিন ধরেই গুঞ্জন; টেস্ট ক্রিকেট ছাড়ছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স! খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান।
ডারবান টেস্টের তৃতীয় দিনের শুরুতে এ নিয়ে কথাও বলেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘ক্রিকেট খেলতে খেলতে আমি ক্লান্ত। আমি শুনেছি আমাকে নিয়ে অনেক গুঞ্জন চলছে। কিন্তু সুযোগ পেলে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছি। আর এ নিয়েই কথা উঠেছে, আমি হয়তো সব ফরম্যাটে খেলছি না।’
তবে টানা খেলাতে নিজের ক্লান্তির কথা চেপে রাখেননি ডি ভিলিয়ার্স। তিনি আরও বলেছেন, ‘আইপিএলে সবগুলো ম্যাচ খেললে শেষের দিকে সত্যিই খুব ক্লান্ত লাগে। এটা নিয়েই কথাবার্তা চলছে। তবে দেশের হয়ে খেলতে আমি ভালোবাসি। ওটা কোনও দিন বদলাবে না।’
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে ডি ভিলিয়ার্সের অভিষেক হয়েছে ২০০৪ সালে। এরপর থেকে টানা ৯৮ টেস্ট খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেললে হয়তো অভিষেক থেকে টানা টেস্ট খেলার সেঞ্চুরি করতে পারতেন তিনি।
/এফআইআর/








