ফরচুন বরিশালে প্রতিভাবান অনেক ক্রিকেটার থাকলেও অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে ছিল। এক তামিম ইকবাল ছাড়া বলার মতো অভিজ্ঞ আর কেউ নেই বরিশালে। এই দল নিয়ে কঠিন সংগ্রাম করতে হচ্ছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। মঙ্গলবারের ম্যাচের আগে ৫ ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল তামিমরা। তাই মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ২২১ রান তাড়া করে বরিশাল অবিশ্বাস্যভাবে সেই ম্যাচটি জিতেছে। দুর্দান্ত এই জয় বরিশাল ক্যাম্পে আত্মবিশ্বাসের বাতাস ছড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে রাজশাহী ২২০ রান সংগ্রহ করে। সেই স্কোর ১১ বল হাতে রেখেই টপকে যায় বরিশাল। অবিশ্বাস্য এই জয় পুরো দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন বরিশালের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত, ‘একটা দলের কামব্যাক করতে হলে ভালো একটা জয় লাগে। ২২০ তাড়া করে জেতা যেকোনও দলকে অনেক বেশি অনুপ্রাণিত করে, টিমের স্পিরিট বাড়ায়। এই জয় পুরো দলকে অনুপ্রাণিত করবে। সবাই চেষ্টা করছিল, কিন্তু ক্লিক করছিল না। শেষ ম্যাচে রাজশাহীর সঙ্গে আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে। আশা করি, সামনের ম্যাচগুলোতে এর ধারাবাহিকতা বজায় থাকবে।’
বরিশালকে জেতাতে সবচেয়ে বেশি অবদান যুব বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের। ৪২ বলে শতক পূর্ণ করে বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি নিজের করে নিয়েছেন এই তরুণ। ইমনের ইনিংস শান্ত মূল্যায়ন করেছেন এভাবে, ‘অবিশ্বাস্য ব্যাটিং করেছে ইমন, সাইফ হাসানও ভালো একটা শুরু এনে দিয়েছিল। যে কারণে আমরা ২২০ তাড়া করতে পেরেছি। আর তামিমের ৩৭ বলে ৫৭ রানের ইনিংসটিও দলের অনেক উপকারে এসেছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা চেয়েছিলাম সেটা করতে পেরেছে সবাই। ইমন অসাধারণ। এমন ইনিংস একজন না খেললে, সত্যিকার অর্থে জেতা কঠিন।’
শুরুর ম্যাচগুলোতে ইমন সেভাবে নিজেকে মেলে ধরতে পাচ্ছিলেন না। জড়তা ছিল। কিন্তু রাজশাহীর বিপক্ষে টিম ম্যানেজমেন্ট তাকে নিজের মতো খেলার সুযোগ করে দেয়। শান্ত জানালেন সেই কথা, ‘ওকে (ইমন) জিজ্ঞেস করার পর ও বলছিল, আমাকে ফ্রি খেলতে দিচ্ছে না? এরপর আমি তামিমকে বললাম ওকে (ইমন) একটু ফ্রি খেলতে দাও, ওকে ওর মতো খেলতে দাও। তামিম যখন বললো, তুমি তোমার মতো। তামিম বলার পর ওর ভেতরে যে উৎসাহ জেগেছে সেখান থেকে ওর এমন এই ইনিংস।’








