ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের নিয়ে বড় একটা অভিযোগ আছে- দলটির নামি ক্রিকেটাররা দেশের চেয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে বেশি আগ্রহী! বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করার ঘটনাও আছে। তবে সাম্প্রতিক সময়ে বোর্ড-খেলোয়াড়ের দ্বন্দ্বের অবসানের মাধ্যমে সেরা খেলোয়াড়রা জাতীয় দলকে সার্ভিস দেওয়া শুরু করেছেন। কিন্তু আন্দ্রে রাসেলের নিউজিল্যান্ড সফরে না গিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার বিষয়টি আবার জন্ম দিয়েছে বিতর্কের।
যদিও ক্যারিবিয়ান অলরাউন্ডার বলছেন, তার কাছে জাতীয় দলের হয়ে খেলাটাই সবার আগে। তাহলে নিউজিল্যান্ড সফরে কেন যাননি? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি জ্যামাইকা-ভিত্তিক টিভি নেটওয়ার্ক স্পোর্টসম্যাক্সকে। রাসেল জানিয়েছেন, শুরুর দিকে তার নিউজিল্যান্ড সফরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে যখন সিদ্ধান্ত পাল্টে যেতে চাইলেন তখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক রজার হার্পার জানিয়ে দেন, ‘বড্ড দেরি হয়ে গেছে’।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ান হেড কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তাদের কাছে খবর ছিল রাসেল কলম্বো কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন। তবে রাসেল তার নিউজিল্যান্ড সফরে না যাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে জানালেন ভিন্ন কথা, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটা আমার কাছে সবার আগে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সময় আমি যে শক্তি ও উদ্দীপনা পাই, সেটা আর কোথাও খেলার সময় পাই না। অনেক সময় মানুষজন বোঝে না একজন খেলোয়াড়ের মধ্যে কী ঘটছে। তবে তারা সহজেই বিচার করে ফেলতে পারে, কারণ বিচার করার খুব সহজ তাদের জন্য।’
রাসেল জানিয়েছেন, গত অক্টোবরে আইপিএল খেলার সময় প্রধান নির্বাচক হার্পার যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তার আগেই তিনি কথা বলেছিলেন ক্যারিবিয়ানদের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে। কী ছিল সেই কথোপকথন? এই হার্ডহিটার ব্যাটসম্যান বললেন, “আইপিল খেলার সময় চেয়ারম্যান (হার্পার) আমার সঙ্গে যোগাযোগ করে, তবে তার আগেই পোলার্ডের সঙ্গে আমার কথা হয়। পোলার্ড আমাকে জিজ্ঞেস করেছিল, ‘রাস, আমি তোমাকে জোর করবো না, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কী নিউজিল্যান্ডে যাবে?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, আমি যেতে চাই, তবে এই মুহূর্তে আমার মাথা পুরো ভারি হয়ে আছে। আমি ভীষণ ভুগছি এবং রানও পাচ্ছি না।”
আর এই সবকিছুই হচ্ছিল দীর্ঘদিন ধরে বায়ো বাবলের মধ্যে থাকায়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেই সংযুক্ত আরব আমিরাতের আইপিএল খেলতে উড়ে গিয়েছিলেন রাসেল। করোনাভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয় ভাঙার সুযোগ ছিল তার। লম্বা সময় ছিলেন পরিবারের বাইরে। তাই রাসেল শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার ব্যাপারে দ্বিধায় ছিলেন। পরবর্তীতে যখন যেতে চেয়েছিলেন, তখন ‘বন্ধ’ হয়ে গিয়েছিল দরজা।








