আসন্ন টি-টোয়েন্টি প্রস্তুতিতে জাতীয় দলের ক্যাম্পের জন্য বুধবার ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ক্যাম্পে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।
এছাড়া অনেকদিন পর প্রাথমিক দলে ফিরেছেন জহিরুল ইসলাম অমি। বিপিএলে ভালো পারফরম্যান্সের কারণেই দলে সুযোগ পেলেন তারা।
আগামী বছরের শুরু থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাতে হবে ক্রিকেটারদের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এছাড়া ভারতের মাটিতে এগারোতম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মাঠে নামবে বাংলাদেশ।
এই উপলক্ষে আগামী ৩ জানুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সেই লক্ষ্যে ক্রিকেটারদের ৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ট্রেইনার মারিও ভিল্লাভারায়ানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
স্কোয়াড : তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম অমি, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজিব, কাজী নুরুল হাসান সোহান, সোহাগ গাজী ও শুভাগত হোম চৌধুরী।
/আরআই/এফআইআর/








