টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তলানিতে বাংলাদেশ। ৩ ম্যাচে জয় তো দূরে থাক, ড্রও নেই। যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে যাচ্ছে, তারা দক্ষিণ আফ্রিকাকে নিচে রেখে ৯ দলের মধ্যে সপ্তম স্থানে। অবশ্য ৭ ম্যাচে ক্যারিবিয়ানদের জয় মাত্র একটিতে। বাংলাদেশ অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়টি মাথাতেই রাখতে চায় না। অধিনায়ক মুমিনুল হক জানালেন তেমনটাই।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে এ বছরের ফেব্রুয়ারিতে। প্রায় একবছর পর আবারও লাল বলের ক্রিকেটে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের ম্যাচ দিয়ে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ অনেক কারণেই বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষার। সবচেয়ে বড় সমস্যা হলো, লম্বা সময় লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটের বাইরে থাকা।
করোনাভাইরাসের কারণে এমনিতেই ম্যাচ অনুশীলন নেই, এর ওপর যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের চাপ মাথায় চেপে বসে তাহলে খেলা আরও কঠিন হয়ে যাবে। তাই অধিনায়ক মুমিনুল মাথা থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ঝেরে ফেলতে চান।
আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘টেস্ট খেলতে গেলে আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপ চিন্তা করে খেলতে পারবেন না। করোনার পর বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। আমরা যারা সুযোগ পাবো, তাদের সবাই দেখবেন শতভাগ দিয়ে ভালো করার চেষ্টা করবে। ওইভাবে চিন্তা করলে আমরা টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারবো।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ মাথায় থাকলে চাপ বাড়বে বলে মনে করেন বাঁহাতি ব্যাটসম্যান, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ চিন্তা করলে চাপ আসবে, আপনাদের প্রত্যাশা আসবে। অনেক নেতিবাচক বিষয় চলে আসবে। এসব চিন্তা না করে শুধু ভালো খেলার সুযোগটা কাজে লাগানোর চিন্তা করতে হবে।’
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের আগে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।








