সেই মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। আগামী ১০ জানুয়ারি দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আসছে ক্যারিবিয়ানরা। এই লড়াইয়ে ওয়ানডে সিরিজে নিজেদের ফেবারিট দাবি করছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডের পর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে দল দুটি ৫০ ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছে ৩৮ বার, যেখানে বাংলাদেশ জিতেছে ১৫টিতে। এরমধ্যে আয়ারাল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ২০১৮ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজকে হারনোর সুখস্মৃতি এখনও টাটকা।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলা ম্যাচটির একাদশে ছিলেন সাইফউদ্দিন। ওই ম্যাচে ৩ উইকেট নেওয়া এই পেসার আসন্ন সফরে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশকে এগিয়ে রাখছেন। আজ (বুধবার) সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ। কারণ গত কয়েকবারের দেখায়, আয়ারল্যান্ড সিরিজে (ত্রিদেশীয় সিরিজ) ও বিশ্বকাপ- সব জায়গায় আমরা ওদেরকে (ওয়েস্ট ইন্ডিজ) ভালোভাবে হারিয়েছি। আমাদের জন্য এটা একটি ভালো সুযোগ, যেহেতু ঘরের মাটিতে খেলা।’
তাছাড়া প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এই অলরাউন্ডার, ‘সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পেরেছি। যার জন্য আমাদের বাড়তি সুবিধা থাকবে। সব মিলিয়ে আমি মনে করি, আমরা ওয়ানডে সিরিজে ফেবারিট।’
নিজেদের ফেবারিট বলার পেছনে যুক্তিও দেখাছেন এই তরুণ ক্রিকেটার, ‘শুধু বিশ্বকাপে বা ত্রিদেশীয় সিরিজেই নয়, ২০১৮ সালে হোম সিরিজে আমরা সিরিজ জিতেছি। সব মিলিয়ে নিজেদের কন্ডিশনে, আয়ারল্যান্ডে ও ইংল্যান্ডের কন্ডিশনে হারানোর অভিজ্ঞতা আছে আমাদের। তাই আমি মনে করি, আমরাই এই ফরম্যাটে ফেবারিট।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্টও খেলবে বাংলাদেশ। কিন্তু টেস্টে স্বাগতিকরা এগিয়ে থাকবে কিনা, সেই প্রশ্নে অবশ্য অধিনায়কের কোর্টেই বল ঠেলে দিয়েছ্নে সাইফউদ্দিন, ‘টেস্টের বিষয়টা সৌরভ ভাই (মুমিনুল হক) ভালো বলতে পারবেন। উনি অনেক অভিজ্ঞ খেলোয়াড়, আমাদের টেস্ট দলের অধিনায়ক। আমি যেহেতু এই ফরম্যাট খেলি না, সুতরাং এই ফরম্যাটে আমার কোনও ধারণা নেই।’








