ফাফ ডু প্লেসি কষ্ট পাবেন, স্বাভাবিক। তবে তার ক্যাচটি দিমুথ করুণারত্নে তালুবন্দী করার পর দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে যেভাবে বিষাদের ছায়া নেমে এসেছিল, সেটা না দেখলে বোঝা কঠিন। প্রোটিয়া অধিনায়ক কুইন্টন কি কক নিজেই যেন মিস করলেন সুবর্ণ সুযোগ, হতাশায় হাতের আড়ালে লুকালেন মুখ। ডিন এলগার, রাসি ফন ডের ডুসেন, তেম্বা বাভুমা থেকে কোচ মার্ক বাউচার- সবাই বাকরুদ্ধ। ১৯৯ রানে দাঁড়িয়ে প্রথম ডাবল সেঞ্চুরির সুযোগটা এভাবে নষ্ট করলেন ডু প্লেসি? হতাশার নিমজ্জিত হওয়ার সঙ্গে এই প্রশ্নটাও হয়তো তাড়া করছিল তাদের।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হয়েছেন ডু প্লেসি। মিডঅনে উড়িযে খেলতে গিয়ে শর্ট মিডঅনে ধরা পড়ে আক্ষেপ-যন্ত্রণায় পুড়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে বক্সিং ডে টেস্টে রান উৎসব করেও প্রোটিয়াদের মনে শিল হয়ে বিঁধে থাকলো তার ডাবল সেঞ্চুরি মিসের মুহূর্তটি।
ওই অংশটুকু বাদ দিলে সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনটা দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ইনিংসে ৬২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করার পর বোলিংয়েও পেয়েছে সাফল্য। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে করেছে ৬৫। প্রথম ইনিংসে ৩৯৬ রান করা লঙ্কানরা এখনও পিছিয়ে আছে ১৬০ রানে। চতুর্থ দিন শুরু করবেন কুশল পেরেরা (৩৩*) ও দিনেশ চান্ডিমাল (২১*)।
আগের দিন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আউট হয়েছিলেন এলগার। আর আজ (সোমবার) ডাবল সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে বিদায় নিতে হয় ডু প্লেসিকে। ভানিন্দু হাসারাঙ্গার বলে প্যাভিলিয়নে ফেরার আগে খেলেছেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। আগের সর্বোচ্চ ১৩৭ রান টপকে অসাধারণ সব শটে গড়েছেন ১৯৯ রানের ঝলমলে ইনিংসটি। ২৭৬ বলে ২৪ বাউন্ডারিতে সাজানো ইনিংসটি খেলার পথে টেস্ট ক্যারিয়ারের ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ডু প্লেসি।
তার সঙ্গে দিন শুরু করা তেম্বা বাভুমা ১২৫ বলে করেন ৭১ রান। আর শেষ দিকে ডু প্লেসিকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন স্পিনার কেশব মহারাজ। প্রোটিয়াদের রানের পাহাড় গড়তে আট নম্বরে নেমে খেলেছেন তিনি ৭৩ রানের কার্যকরী ইনিংস। ১০৬ বলের ইনিংসটি তিনি সাজান ৬ চার ও ২ ছক্কায়।
প্রোটিয়া ব্যাটসম্যানদের দাপটের সামনে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার হাসারাঙ্গা। ১৭১ রান দিয়ে এই স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো। আর ২ উইকেট পেয়েছেন দাসুন শানাকা।
স্বাগতিকদের অলআউট করে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়ে শ্রীলঙ্কা। ২২ রানের মধ্যে হারায় দুই উইকেট। লুঙ্গি এনগিদির তোপে ৬ রানে বিদায় নেন অধিনায়ক করুণারত্নে, আর রানের খাতায় খোলার আগেই আউট কুশল মেন্ডিস। ওই জায়গা থেকে প্রতিরোধ গড়ে আর কোনও বিপদ ছাড়াই দিনের খেলা শেষ করেছেন কুশল পেরেরা-চান্ডিমাল।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা: ৩৯৬ ও দ্বিতীয় ইনিংসে ১২ ওভারে ৬৫/২ (কুশল পেরেরা ৩৩*, চান্ডিমাল ২১*, করুণারত্নে ৬; এনগিদি ২/২৮)।
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংসে ১৪২.১ ওভারে ৬২১ (ডু প্লেসি ১৯৯, এলগার ৯৫, মহারাজ ৭৩, বাভুমা ৭১, এইডেন মারক্রাম ৬৮; হাসারাঙ্গা ৪/১৭১, বিশ্ব ৩/১২৯, শানাকা ২/৯৮)।








