বুকে ব্যথা নিয়ে ২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। এমনিতে এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো। কথা ছিল সব কিছু ঠিক থাকলে বুধবারই বাড়ি ফিরে যেতে পারবেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। সব কিছু ঠিক হয়েও গিয়েছিল। কিন্তু সৌরভ নিজেই চিকিৎসকদের জানিয়েছেন, আরও একদিন হাসপাতালে থেকে যেতে চান তিনি। বাড়ি যাবেন কাল বৃহস্পতিবার।
অথচ বুধবার তাকে ছেড়ে দিতে সব প্রস্তুতিই নিয়ে ফেলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ডিসচার্জ সার্টিফিকেটও লেখা হয়ে গিয়েছিল বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। সৌরভ যে আজ বাড়ি ফিরছেন না সেটি নিশ্চিত করেছেন হাসপাতালটির প্রধান নির্বাহী রুপালি বসু।
ব্লক ধরা পড়ায় ডান ধমনীতে এরই মধ্যে স্টেন্ট বসানো হয়েছে সাবেক এই অধিনায়কের। এর পর থেকে ভালোই আছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) প্রধান। বুধবার সকালে হাল্কা নাশতাও খেয়েছেন।
এদিকে মঙ্গলবার সৌরভের সঙ্গে দেখা করেছেন উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। কথা বলেছেন সৌরভের মেডিক্যাল টিমের সঙ্গে। জানা গেছে, দু’সপ্তাহ পর সৌরভের মেডিক্যাল টিমের সদস্যরা আবার আলোচনায় বসবেন তাকে নিয়ে। তখনই ঠিক করা হবে সৌরভের বাকি দুটি ব্লক সারাতে স্টেন্ট বসানো হবে কিনা। তার পর সিদ্ধান্ত হবে অ্যাঞ্জিওপ্লাস্টির।









