প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সফরের মধ্য দিয়ে ক্রিকেটারদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ক্রিকেটারদের অপেক্ষা ফুরালেও মাঠের প্রাণ, দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। কারণ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ফেরার সিরিজটি দর্শক ছাড়া আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনাকালের কঠিন সময়ে পার করে কিছু দেশ দর্শক উন্মুক্ত করে দিয়েছিল। যদিও ফের করোনার সংক্রমণ বেড়ে যাওয়াতে কয়েকটি দেশ আবারও সেটি বন্ধ করে দিয়েছে। বিসিবিও সতর্ক হয়ে আন্তর্জাতিক সিরিজে ফিরতে উন্মুখ হয়ে আছে। এর আগে আয়োজিত বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দর্শকছাড়া আয়োজন করেছিল। অবশ্য বঙ্গবন্ধু কাপের শেষ দিকে কিছু দর্শক এসেছিল গ্যালারিতে।
আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখনও পর্যন্ত আমরা দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছি। তারপরও দর্শক নিয়ে আলাপ-আলোচনা চলছে, এখনও সময় আছে। তবে যতদূর সম্ভব মনে হচ্ছে, আমরা এই সিরিজটি দর্শক ছাড়াই করবো।’
রবিবার তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতি ভাঙবে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন শেষে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এরপর ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের পর বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।









