সময়ের হিসাবে পাক্কা দশ মাস। গত বছরের মার্চের এই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে অনুশীলন করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর কেটে গেছে দশটি মাস। তার মাঝে করোনার কারণে স্থগিত হয়ে গেছে আন্তর্জাতিক সব ম্যাচ। অবশেষে আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষা দূর হচ্ছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে রবিবার থেকে অনুশীলন শুরু করেছেন প্রাথমিক স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটার।
প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তরুণ অফ স্পিনার নাঈম হাসান। মুমিনুলের যোগ না দেওয়ার কারণ চোট। তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। একইরকম নাঈম হাসানও চোট পেয়েছেন ডান হাতের ছোট আঙুলে। আজ তার আঙুলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে। এ দুজন বাদে ওয়ানডে দলের ২৪ ক্রিকেটার ও টেস্ট দলের ১৮ জনের সবাই অনুশীলনে যোগ দিয়েছেন।
প্রথম দিনের প্রস্তুতিতে হেড কোচ ডমিঙ্গো, কুকরা যোগ দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে যোগ দিতে পারেননি নতুন ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। খুব তাড়াতাড়ি স্বাস্থ্য অধিদফতরের অনুমতি নিয়ে তারা মাঠে নামবেন বলে আশা করছে বিসিবি।
রবিবার শীতের সকাল হলেও ঝলমলে রোদ গায়ে মেখে অনুশীলন শুরু করতে পেরেছে বাংলাদেশ। সকাল দশটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ঘণ্টার প্রস্তুতির শুরুটা হয়েছে ওয়ার্মআপ দিয়ে। আধঘণ্টা ওয়ার্মআপ শেষে শুরু হয় ক্রিকেটারদের নেট সেশন।
হেড কোচ রাসেল ডমিঙ্গো, স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম, ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালোফাতের উপস্থিতিতে প্রায় দেড়ঘণ্টা চলে ব্যাটে বলে ঘাম ঝরানো। মুশফিক-মোস্তাফিজরা যখন ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলনে ব্যস্ত, ঠিক তখন আরেকটি গ্রুপ মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করেছেন কোচ রায়ান কুকের তত্ত্বাবধানে।
মিরপুরের ইনডোরে তিনটি নেটে অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। একটি নেটে ছিলেন স্পিনাররা, আরেকটিতে পেসাররা এবং অন্য আরেকটি নেটে থ্রো-ডাউনের বিপক্ষে ব্যাটিং করেছেন মুশফিক-সাকিব-তামিম-মাহমুদউল্লাহরা।
প্রথম দিনের অনুশীলনে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন নবীন দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। অনুশীলনে এই দুই পেসার ব্যাটসম্যানদের কঠিন সময় দিয়েছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান কেউই তাদের বল স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। বিশেষ করে মুশফিককে বেশি বেগ পেতে হয়েছে।
সবার আগে ব্যাটিং সেরেছেন তামিম ইকবাল। শিশিরভেজা সকালে মোস্তাফিজ-শরিফুল-হাসান মাহমুদ ভালোই পরীক্ষা নিয়েছেন তামিমের।
নিষেধাজ্ঞার কারণে অনেক দিন পর জাতীয় দলে ফেরা সাকিব ইনডোরের নেটে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি বোলিং মেশিনেও বেশ খানিকটা সময় অনুশীলন করেছেন। রবিবার এই অলরাউন্ডার শুরুটা করেন বোলিং অনুশীলন দিয়ে। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পিনের বিপক্ষে ব্যাটিং করেছেন। শেষে খেলেছেন তাসকিন-হাসান মাহমুদ-সৌম্যকে। সব মিলিয়ে প্রথম দিনের অনুশীলনে ব্যাটসম্যানদের বেশ আঁটসাঁটই মনে হয়েছে।








