ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। সেরে উঠে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট ব্যাটিং করলেও বৃহস্পতিবার ফিল্ডিংয়ে নেমে ফের অস্বস্তিতে পড়েছেন তিনি। তাই দ্বিতীয় দিনের খেলা শেষ করার আগে মাঠে ছেড়েছেন। এই অবস্থায় শুক্রবার তৃতীয় দিনের শুরু থেকে তিনি মাঠে নামতে পারবেন কিনা, সেটি নিশ্চিত করে বলতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কিছুটা অস্বস্তি থাকায় সাকিব ফিল্ডিং ছেড়ে উঠে এসেছিল। তাকে এখন ফিজিও দেখছেন। পুরোপুরি বিশ্রামে আছেন। সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে, এর পরই সিদ্ধান্ত।’
এদিকে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরীও নিশ্চিত করে কিছু বলতে পারলেন না, ‘এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। কারণ ফিজিও তাকে দেখছে। জটিল কিছু হলেই শুধুমাত্র আমরা যুক্ত হবো।’
এই চোটের কারণেই বৃহস্পতিবার দিনের শেষ ঘণ্টার খেলায় মাঠে ছিলেন না সাকিব। তিনি মাঠ ছেড়েছেন নিজের ষষ্ঠ ওভার শেষ করার পর। ৬ ওভারে ১৬ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার।









