সব ফরম্যাটে সাফল্য পেতে নিজের বোলিং অ্যাকশন বদলে ফেলেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু বোলিং অ্যাকশন পাল্টানোয় আগের সাফল্য ধরা দেয়নি। ফলে পুরনো অ্যাকশনে আবার ফিরে গেছেন। যার স্পষ্ট ব্যাখ্যা দিলেন শুক্রবার।
আবার আগের অ্যাকশনে ফিরে যাওয়ার ব্যাখ্যায় তাইজুল বলেছেন, ‘বদলেছিলাম কিছু কারণে, আবার আগের অ্যাকশনে ফেরারও কিছু কারণ আছে। নিজের উন্নতির জন্য কয়েকদিন অনুশীলন করেছি (পরিবর্তিত অ্যাকশনে)। আসলে স্বাভাবিক অ্যাকশন এক বিষয়, নতুন অ্যাকশন তৈরি করা আলাদা বিষয়। যখন দেখেছি অনুশীলন করে বা ম্যাচে বোলিং করে ফল পক্ষে আসছে না, তখন পুরনো অ্যাকশনে ফিরে গেছি।’
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন ভালো বোলিং করতে পারেননি তাইজুল। বিশেষ করে প্রথম স্পেলে খুবই বাজে বোলিং করেছিলেন। ১৫ ওভারে ৪৫ রান খরচায় প্রথম স্পেলে তার শিকার ছিল একটি। এরপর নিজস্ব পরিকল্পনার মাধ্যমে সাফল্য পান তিনি, পরে সেই কথাই জানান সংবাদমাধ্যমকে, ‘প্রথম স্পেল খারাপ করার জন্য আমরা পরিকল্পনা করলাম কী করা যায়, যেহেতু পার্টনারশিপ বড় হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা যদি ধারাবাহিকভাবে একই জায়গায় বল করতে পারি, তাহলে হয়তো ওরা ঝুঁকি নেবে- এই পরিকল্পনাই ছিল। এগোতে এগোতে ব্রেক থ্রু এসেছে।’
এর পর ৩৩.১ ওভার বোলিং করে ৮৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। যার ফলে টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-এ। এখন এই ফরম্যাটে ৩০০ উইকেটের স্বপ্ন দেখেন এই বাঁহাতি, ‘একজন খেলোয়াড়ের ভালো করার কোনো শেষ নেই। প্রতিদিনই মন চায় দশটা করে উইকেট নেই, একশো রান করি। সবকিছু তো কপালে থাকে না। তবে আমার স্বপ্ন হচ্ছে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়া।’









