চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিততে ভারতের গড়তে হতো বিশ্বরেকর্ড। যেখানে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার নজির টেস্ট ইতিহাসে নেই। সেখানে ভারতের সামনে লক্ষ্য ছিল ৪২০ রান! অবশ্য ইংলিশদের বোলিং তোপে রেকর্ড গড়া হয়নি স্বাগতিকদের। বরং প্রথম টেস্টে ঘরের মাঠে ২২৭ রানের বড় হারের লজ্জা পেয়েছে বিরাট কোহলির দল। দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেছে ১৯২ রানে।
এশিয়ার মাটিতে এটি ইংল্যান্ডের টানা ষষ্ঠ জয়। আর ঘরের মাঠে ২০১৭ সালের পর হারের লজ্জা পেলো ভারত।
শেষ দিনের ভাঙা উইকেটে ব্যাটিং করতে চায়নি ইংলিশরা। যে কারণে ভারতকে ফলোঅন না করিয়ে আগের দিন ব্যাটিং করেছে ইংলিশরাই। এই কৌশলটাই কাজে দিয়েছে শেষ দিনে। সকালে ৯ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের ব্যাটিং লাইন আপই কাঁপিয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। বোল্ড করে সাজঘরে ফেরান ফিফটি করা শুভমান গিলকে। একই ওভারে শূন্য রানে বোল্ড করেন আজিঙ্কা রাহানেকেও। বিপজ্জনক পান্তকেও বিদায় দিয়েছেন ১১ রানে। সকালটা পূজারাকে ফিরিয়ে শুরু করেছিলেন জ্যাক লিচ।
১১৭ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর বিরাট কোহলি প্রতিরোধ গড়ে কিছুটা আশা জাগালেও সঙ্গী না থাকায় তা যথেষ্ট ছিল না। অশ্বিনের সঙ্গে মিলে ৫৪ রানের জুটি গড়েছিলেন। দলীয় ১৭১ রানে অশ্বিনকে লিচ বিদায় দিলে ভারতীয় অধিনায়কের উইকেট তুলে নিয়ে প্রতিরোধ ভেঙে দেন বেন স্টোকস। কোহলিকে ৭২ রানে বোল্ড করেছেন ইংলিশ অলরাউন্ডার। এর পর লেজে ছেঁটে দিতে আর সমস্যা হয়নি ইংলিশদের। চা বিরতির আগে জসপ্রিত বুমরাহকে কট বিহাইন্ড করে ভারতকে ১৯২ রানে গুটিয়ে দেন আর্চার।
এই জয়ের ফলে ৪ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেলো সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নিয়েছেন স্পিনার জ্যাক লিচ। ১৭ রানে তিনটি নিয়েছেন অ্যান্ডারসন। ম্যাচসেরা হয়েছেন শততম টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫৭৮ (রুট ২১৮; বুমরাহ ৩/৮৪, অশ্বিন ৩/১৪৬) ও ১৭৮ (রুট ৪০; অশ্বিন ৬/৬১)
ভারত: ৩৩৭ (পান্ত ৯১, পূজারা ৭৩, সুন্দর ৮৫*; ডম বেস ৪/৭৬)ও ১৯২ (কোহলি ৭২; লিচ ৪/৭৬, অ্যান্ডারসন ৩/১৭)
ম্যাচসেরা: জো রুট।









