ঘরের মাঠ, চেনা পরিবেশ আর নিজেদের চাওয়া মতো উইকেট। ঢাকায় তার পরও দ্বিতীয় টেস্টে কাঙ্ক্ষিত ভালো শুরু পায়নি বাংলাদেশ। বরং ব্যাটিং-বোলিংয়ে গত দুইদিন আধিপত্য বিস্তার করে খেলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজই। অথচ স্পিনবান্ধব উইকেটে বিশেষজ্ঞ তিন স্পিনার নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিকরা। আর সেই উইকেটে কিনা রাজত্ব করলেন পেসার আবু জায়েদ রাহী! তাহলে কেন তিন স্পিনার? তামিম অবশ্য দায়টা উইকেটের ওপরই চাপালেন।
২৮ ওভারে ৯৮ রান খরচায় চার উইকেট নিয়েছেন রাহী। তাইজুল শেষ দুই ওভারে সাফল্য পেলেও তার বোলিং অবলীলায় খেলেছে ক্যারিবীয়ান ব্যাটসম্যানরা। আলজারি জোসেফও খেলেছেন ৮২ রানের ইনিংস! এই অবস্থায় রাহীর ভালো বোলিংয়ের পর আরেকজন বিশেষজ্ঞ পেসারের অভাব অনুভব করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘দেখেন যে পরিকল্পনাটা ছিল, সেটা উইকেট দেখার পরেই করা হয়েছিল। যখন ঘরের মাঠে কোন দল তিন স্পিনার নেয়, তখন খুব স্বাভাবিকভাবেই স্পিন নির্ভর উইকেট হওয়ার কথা। আমরা আরও বেশি স্পিন ধরবে বলে আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে স্পিন হয়নি।’
তামিম আরও বলেছেন, ‘আমরা একটা প্ল্যান সেট করে এগিয়েছিলাম। এখন উইকেট স্পিনারদের সাহায্য না করায় এটা নিয়ে অনেক কথা হতে পারে। আমরা জিতেছিলাম দুইটা বড় দলের সাথে, এছাড়া এই ওয়েস্ট ইন্ডিজের সাথেই শেষ যখন জিতেছি, তখনও একই কম্বিনেশনেই সফল হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবার উইকেট স্পিনারদের সাহায্য করেনি, দেখা যাক কী হয়।‘








