খেলাধুলায় হার-জিত থাকবেই। তবে কেউ কেউ হার মেনে নিতে পারেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান তাদেরই একজন। বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা কোনও দলের কাছে হার রাগ-ক্ষোভে রূপ নেয় বিসিবি প্রধানের মনে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে হারের পর অনেক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। আজ (সোমবার) করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে সেই রাগ কমলেও হতাশা ঠিকই আছে।
করোনা ভ্যাকসিন নিতে গিয়ে দল নিয়ে আরও একবার হতাশা প্রকাশ করলেন নাজমুল। তার মতে, মানসিকতার পরিবর্তন হলেই আসলে ভালো করা সম্ভব, ‘হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কাল (রবিবার) ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের উন্নতি করতে হবে, এ উপলব্ধিটা আসতে হবে।’
আগের দিনের মতো সোমবারও দুই পেসার না খেলানোর কারণ খোঁজার চেষ্টা করলেন বোর্ড সভাপতি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারবো না, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।’
ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছেন, সেটিও মেনে নিতে পারছেন না নাজমুল। তার মতে, ব্যাটসম্যানদের শট নির্বাচনের ব্যাপারে সচেতন হতে হবে, ‘শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। কৌশল এবং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা রাখতে হবে। টেস্টের জন্য আলাদা দল থাকতে হবে।’









